হাঁসের মাংসের রেসিপি
সঠিক রেসিপি পেলে হাঁসের মাংস খাওয়ার জন্য আর বাইরে যেতে হবে না। চাইলে রেসিপি দেখে ঘরেই তৈরি করতে পারেন মজাদার হাঁসের মাংস ভুনা। রন্ধনশিল্পী ইভা বিনতে সানোয়ার শীতের শুরুতেই হাঁসের মাংস রান্নার রেসিপি দিয়েছেন। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
আস্ত একটি হাঁসের মাংস, পেঁয়াজ কুচি ১ কাপ, আস্ত দেশি রসুন ৪টি, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ছোট ৩ টুকরা, এলাচ ৪-৫টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, লবণ স্বাদ মতো, তেল ১ কাপ, পানি প্রয়োজন মতো।
রান্নার প্রণালি :
প্রথমে হাঁসের মাংস ভালো করে কেটে, ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। সামান্য পানি দিয়ে মাংস বাদে সব উপকরণ একে একে কষিয়ে নিন।
এবার হাঁসের মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিন।কিছুক্ষণ জ্বাল দিয়ে পানি উঠে এলে ভালোভাবে কষিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে আবার ঢেকে রান্না করুন প্রায় ২০ মিনিট। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে ওঠে এলে নামিয়ে নিন।
ব্যস, এভাবেই তৈরি হবে মজাদার হাঁসের মাংস ভুনা। এটি গরম গরম ভাত, চালের রুটি, চাপাতি কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন।











