সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

অভিমান অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৪:০৪ পিএম | 365 বার পড়া হয়েছে
অভিমান অভিযোগ

আজকাল স্ত্রী আর প্রেমিকা নিয়ে অনেক পোস্ট দেখছি, স্ত্রীরা বিয়ের পর তাদের কষ্টের কথা, বরের বাইরের সম্পর্কের কথা নিয়ে অনেক অভিমান অভিযোগ এনে বোঝাতে চেয়েছেন….স্ত্রীরা যে মানুষটাকে ভালোবাসে তার ভালো থাকার জন্যই সংসারের জোয়াল টেনে তার নিজের প্রতি আর খেয়াল রাখার সময় থাকেনা। কেন স্বামী এটা বোঝে না। কেন তার এতো ত্যাগ করা সত্ত্বেও স্বামীরা বাইরের অন্য মেয়ে বৌ দের জন্য পাগল হয়ে পরকীয়া শুরু করে!! বিভিন্ন জন নিজের ক্ষোভ বিভিন্ন রকম ভাবে উদাহরণ দিয়ে প্রকাশ করছে। বারবার বোঝাতে চাইছে, স্ত্রী ডাল ভাত, এতেই সুন্দর করে সারাজীবন অতিবাহিত করা যায়, বাইরের পরকীয়া করা মেয়েরা বিরিয়ানি সমান, বিরিয়ানি রোজ রোজ খেলে বদহজম হবে… etc etc…অনেক ভাবে ছেলেদের মানে স্বামীদের স্ত্রীরা ফেবু জুড়ে পোস্ট করে বোঝাতে চেয়েছে, ” আমাদের ভালোবাসো, ওদের নয়। আমরা তোমার জন্য ত্যাগ করছি, সবকিছু, তারপরে ও তুমি কেন মুখ ঘুরিয়ে নিচ্ছ!!” এইসব।
আমার প্রশ্ন কেন নিজেকে ছোট করে এইভাবে রিকোয়েস্ট করছেন?? এইযে এতো বলছেন বোঝাচ্ছেন যাকে, তিনি আদৌ বুঝতে পারছে কি?
আপনারা কি জানেননা, এইসব মানুষদের অপূর্ণ আত্মা কখনো পরিপূর্ণ হবে না।
এরা শুধু নিজের কমতি ঢাকতে বউদের দোষ খুজে বেড়ায়। আর কিছুই না! দেখুন যে বা যাদের বাইরের দিকে তাকানো অভ্যেস তারা কখনো আপনার ত্যাগ দেখবেনা। যতই করুন একটুও সহানুভূতি দেখাবেনা। বিশ্বাস করুন, আপনি এখন জাস্ট টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গেছেন, ওরা জানে যতই লাথি ঝ্যাটা, মুখ ঝামটা, এমনকি মারধর… যাই হোক না কেন, আপনি থেকে যাবেন। কাঁদবেন, সারাদিন ছটফট করবেন, সারারাত ঘুমাবেননা, কিন্তু পরেরদিন আবার সকালে উঠে ঠিক রান্না করে মুখের কাছে সবটুকু গুছিয়ে দেবেন। যাতে সে টিপ টপ বাবুটি হয়ে বাইরে অন্য মেয়েদের কাছে ইনিয়ে বিনিয়ে বলতে পারে, “জানোতো আমার বৌটা না একদম ভালো নয়। সারাদিন….etc etc…”
আসলে ওরা বুঝে যায়, আপনি করবেনই….
কি!!!!! ত্যাগ, ওই মানুষটার জন্য, ছেলেমেয়েদের জন্য, সংসারের জন্য।
তাই বলি কি, ওনাকে নয়, নিজেকে পরিবর্তন করুন। সবার প্রথমে কান্না কাটি মন খারাপ করা বন্ধ করুন। তারপরে ওনাকে একদম পাত্তা দেওয়া বন্ধ করুন। তারপরে ওনাকে কোনোভাবে সাহায্য করা বন্ধ করুন। লক্ষ্মী বৌ এর মত মুখের ধারে আগ বাড়িয়ে সবকিছু হাতের নাগালের মধ্যে দেওয়া বন্ধ করুন। তার বাবা মাকে দেখা দায়িত্ব আপনাদের দুইজনের। সে না দায় নিলে আপনিও নেবেননা। সংসারের ব্যাপারে নিজে সব কাজ কাঁধে নিয়ে তাকে গা এলিয়ে ভাসতে দেবেননা। সব কাজ দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে তিনি গায়ে হাওয়া লাগিয়ে বেড়িয়ে অন্য মেয়েদের দিকে ভালোবেসে ঘরে এসে বৌকে অসহ্য লাগা, এসব আদৌ হতে দেবেননা।
জানি অনেকেই বলবেন “সম্ভব কি!! ”
বিশ্বাস করুন সম্ভব। প্রথম প্রথম নিজেকে পরিবর্তন করতে ভীষণ সমস্যা হয়। কিন্তু একবার মনের জোরে নিজেকে পাল্টে দেখুন অনেকটা কষ্ট গায়েব হয়ে যাবে। নইলে তো কষ্টই পাচ্ছেন, মন মরে গেলে মানুষ কি নিয়ে বাঁচে?? এইভাবে মরে বেঁচে থেকে কি পাচ্ছেন!! কেউ আপনার ত্যাগের দাম দেবেনা। বরং নিজেকে ভালো রাখুন, একটু সুন্দর করে নিজের জন্য সাজুন, নিজেকে ভালোবাসুন, বাইরের মানুষদের সাথে কথা বলুন। প্রথম প্রথম অসুবিধা হবে। কিন্তু পরে ঠিক পারবেন। মনের জোড় রাখুন। নিজেকে ভালো রাখাটা প্রয়োজন আগে।
এর পরে আরেকটা কথা বলবো, কোনো মানুষ কিছুই পারিনা এটা হতে পারেনা। প্রত্যেকের ভিতরে কিছু না কিছু ট্যালেন্ট আছে, সেইটা কাজে লাগান, যেকরেই হোক জীবনে নিজের পায়ে দাঁড়ান, বাইরে বের হন, কাজ করুন, বাইরের বাতাস আপনার গায়েও লাগুক, ভালোলাগা ছড়িয়ে পড়ুক মাসের শেষে নিজে রোজগার করে। আত্মবিশ্বাস বারুক আপনার। এবারে মন থেকে তৈরি হন পরিস্থিতি সামলাতে। নিজের মনকে শক্ত করুন, রোজ রোজ অপমানে মরে যাওয়ার থেকে প্রতিবাদ করুন। আর ওনাকে বুঝিয়ে দিন উনি দাম না দিলেও দাম দেওয়ার মত অনেক মানুষ আছে এই পৃথিবীতে।
ফেবুতে ইনিয়ে বিনিয়ে পোস্ট করে প্রেমিকার থেকে বৌ ভালো প্রচার করে লাভ নেই, বৌ কত ভয়ঙ্কর হতে পারে সেটাও দেখিয়ে দিন মাঝে মাঝে। মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু হয় বেশি, মেয়েরাই মেয়েদের ঘর ভাঙে বেশি।
(এটা শুধু মেয়েদের জন্য বললাম তা নয়, অনেক ছেলেরাও স্ত্রীর পরকীয়ায় মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে যান। তাদের জন্য ও বলছি, তবে হ্যাঁ যারা ভাবেন সংসার ঘর আর পরকীয়া বারান্দার মিষ্টি হাওয়া, তাদেরকে বলি ওই মিষ্টি হাওয়ার স্বাদ যদি আপনার পার্টনার পেতে চায় মানতে পারবেন তো!! আমার এই পোস্ট হয়তো কিছু বিশেষ জনের খারাপ লাগবে। ইগনোর করবেন খারাপ লাগলে। ওই অসহায় মন থেকে মরে যাওয়া মানুষ গুলোর জন্য পোস্ট করতে ইচ্ছে হলো। ভালো থাকুন সবাই, মেয়েরা মেয়েদের শত্রু নাইবা হলেন। হয়তো তাদের বিবাহিত সম্পর্কটা ঠিক হয়ে যেত যদি আপনি মাঝে এসে নিজের এক্সট্রাঅর্ডিনারি ক্রেডিট না দেখাতেন, অথচ দেখবেন ওনার সাথে ঘর করলে দুইদিন পরে আপনিও কেমন একঘেয়ে হয়ে গেছেন, দূর থেকে সব জিনিস খুব সুন্দর মনে হয়। ভেবে দেখবেন, কারোর দীর্ঘ শ্বাসের কারণ হওয়াটা কিন্তু কোনো ক্রেডিট নয়, এটা খুব খারাপ বলেই জানি, কর্মফল ফেরত আসবেই, তখন সামলাতে পারলেই হলো।

মেজর জেনারেল মাসুদুর রহমানের নেতৃত্বে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল সফর

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:১০ এএম
মেজর জেনারেল মাসুদুর রহমানের নেতৃত্বে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল সফর

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-এর ২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোববার বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন সম্পন্ন করেছেন। মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুর থেকে বিকেল পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা ও বন্দরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।সফরকালে প্রতিনিধি দলটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসকে এম কফিল উদ্দিন, যশোর ব্যাটালিয়নের আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এনডিসি সদস্যরা প্রথমে বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক কনফারেন্সে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে তথ্যবহুল ব্রিফিং গ্রহণ করেন। এরপর তারা বন্দরের কার্গো ইয়ার্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের আকর্ষণীয় যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন।

চান্দিনায় শিক্ষার্থীর মৃত্যুতে মহাসড়ক অবরোধ, ঘটনাস্থলে এমপি আতিকুল আলম শাওন

ইমদাদুল ইসলাম রনি, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:০৭ এএম
চান্দিনায় শিক্ষার্থীর মৃত্যুতে মহাসড়ক অবরোধ, ঘটনাস্থলে এমপি আতিকুল আলম শাওন

চান্দিনা, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর অকাল মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। আজ রোববার (৫ এপ্রিল, ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে চান্দিনা থানাধীন বড় গোবিন্দপুর স্কুল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রিয় সহপাঠীকে হারানোর শোক এবং নিরাপদ সড়কের দাবিতে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড় গোবিন্দপুর স্কুলের এক শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি যানবাহনের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এই খবর ছড়িয়ে পড়লে বড় গোবিন্দপুর স্কুলসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, বরকামতা গ্রাম উন্নয়ন পরিষদ সংগঠন এবং চান্দিনা উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিলে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি একটাই— “নিরাপদ সড়ক চাই এবং অবিলম্বে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।” তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে এই দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের অবহেলার কারণেই বারবার এই স্থানে প্রাণ হারাতে হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এবং চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রাথমিক আশ্বাস দেন।

​এমপি শাওনের প্রতিশ্রুতি ও অবরোধ প্রত্যাহার

​উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন কুমিল্লা-০৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে গিয়ে তাদের অভাব-অভিযোগ শোনেন এবং দাবির প্রতি পূর্ণ একাত্মতা পোষণ করেন। এমপি শাওন শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন:

​”শিক্ষার্থীদের এই দাবি অত্যন্ত যৌক্তিক। আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সন্তানদের আর কোনো প্রাণ এভাবে অকালে ঝরতে দেওয়া হবে না।”

​সংসদ সদস্যের কাছ থেকে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের সুনির্দিষ্ট ও জোরালো প্রতিশ্রুতি পাওয়ার পর শিক্ষার্থীরা দীর্ঘ সময় পর অবরোধ তুলে নেন। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:০৬ এএম
চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে সরকার এ টিকাদান কার্যক্রম শুরু করেছে। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় একযোগে এ কর্মসূচি চালু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জে সকল শিশুকে টিকার আওতায় আনা গেলে হাম-রুবেলা প্রতিরোধ সম্ভব হবে। এতে দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, টিকার কোনো ঘাটতি হবে না এবং সবাইকে দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে। জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে বিভিন্ন টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এ কার্যক্রম টানা ১৫ দিন চলবে।

উল্লেখ্য, সারা দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং এতে আন্তর্জাতিক বিভিন্ন স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।

error: Content is protected !!