" নিরাপদ সড়ক চাই " তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে
তাড়াশে ভিলেজ ভিশনের সহযোগিতায় মানববন্ধন
বিশ্বব্যাপি ১২ মে থেকে ১৮ মে, ২০২৫ পর্যন্ত সপ্তাহ ব্যাপি আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস পালনের অংশ হিসেবে ” নিরাপদ সড়ক চাই ” তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের সহযোগিতায় তাড়াশ উপজেলা চত্বর থেকে তাড়াশ প্রেসক্লাব পর্যন্ত একটি র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়।
নিরাপদ সড়ক চাই তাড়াশ শাখার সদস্যবৃন্দ, ভিলেজ ভিশন তাড়াশের স্বেচ্ছাসেবকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী, তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠন ও অন্যান্য সামাজিক সংগঠনের কর্মিবৃ্ন্দ এবং নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গ র্যালিতে অংশ গ্রহণ করেন। তাড়াশ উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি তাড়াশ বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে তাড়াশ প্রেসক্লাবে মূল ফটকের সামনে এসে শেষ হয়।
র্যালিতে সমাপনী বক্তব্য রাখেন তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি দেলবার আহমেদ, সংগঠক নাঈম হাসান মুন্না, তাড়াশ স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মাসুম বিল্লাহ, ছাত্রদল নেতা হাসির খন্দকার, ভিলেজ ভিশন তাড়াশের পরিচালক শরীফ খন্দকার ও নিরাপদ সড়ক চাই তাড়াশ উপজেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করণে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, কর্পোরেশন, স্কুল,কলেজের ছাত্র- ছাত্রী, বিভিন্ন সম্প্রদায় এবং নাগরিক সমাজকে অংশগ্রহণের জন্য আহবান জানান। বিশেষ করে বাংলাদেশ সরকারের পুলিশের ট্রাফিক বিভাগ, সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পদক্ষেপ ও জনসচেতনতা তৈরির গুরুত্ব ও পরামর্শ তুলে ধরেন এবং র্যালিতে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
র্যালি শেষে বিভিন্ন যান্ত্রিক ও অযান্ত্রিক পরিবহনের গ্যারেজ ও স্ট্যান্ড সমূহে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।














