শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জামায়াত কর্মীর স্ত্রীর ওপর নির্যাতনের বিচার চাইতে গিয়ে নিহত আইয়ূব নবী তারেক; ঘটনায় একই পরিবারের চারজনের বিরুদ্ধে অভিযোগ, পলাতক আসামি ধরতে অভিযান

সোনাগাজীতে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

Master Mohammad Hanif
Master Mohammad Hanif - Feni District Correspondent, Feni District প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম | 80 বার পড়া হয়েছে
সোনাগাজীতে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক গ্রামে এক জামায়াত কর্মীর স্ত্রীর ওপর নির্যাতনের প্রতিবাদ করায় আইয়ূব নবী তারেক (২৬) নামে এক তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তারেক বগাদানা ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ও গুণক গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় জামায়াত কর্মী নাহিদ দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও কয়েকবার বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করেন তারেক। বুধবার সন্ধ্যায় ফের নির্যাতনের অভিযোগ তুলে বিচার চেয়ে তারেককে ওই বাড়িতে ডেকে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, সেখানে গেলে নাহিদ, তার ভাই আবু সাঈদ, বাবা ওহিদুর রহমান এবং মা নুর নাহার মিলে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তারেকের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সদস্য সচিব আবদুল আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং এটি পারিবারিক ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের পিতা কামাল উদ্দিন অভিযোগ করেন, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন; তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনামুল হক রাশেদী চট্টগ্রাম

বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শনে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ জহিরুল ইসলাম

এনামুল হক রাশেদী চট্টগ্রাম প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৮ এএম
বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শনে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ জহিরুল ইসলাম

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার খানখানাবাদ ও সাধনপুর ইউনিয়নের উপকূলীয় এলাকায় চলমান বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “বেড়িবাঁধে বারবার বরাদ্দ দেওয়া হলেও কাজের মান ঠিক না থাকায় বাঁধ টেকসই হয় না। ফলে উপকূলীয় এলাকার মানুষ বারবার জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এবার কাজের মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে ইনশাআল্লাহ। অন্যথায় বর্ষা মৌসুমে এ এলাকার মানুষ আরও ক্ষতির মুখে পড়তে পারে।”
তিনি আরও বলেন, “উপকূলবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। সুতরাং বেড়িবাঁধ প্রকল্প নিয়ে কাউকে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ দেওয়া হবে না।”
এ সময় স্থানীয় বাসিন্দারা খানখানাবাদের প্রেমাশিয়া পয়েন্টে জেগে ওঠা চর অপসারণ করলে বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকি কমবে বলে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম
কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

আজ ২৬ ফেব্রুয়ারি দুপুর চারটায় সোনামুখী দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে চালিতাডাংগা ইউনিয়নের মোঃ সেজাব আলীর ছেলে আব্দুস ছাত্তারকে আটক করা হয়। তার নিকট থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আব্দুস ছাত্তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৯(১)(ঘ) ভঙ্গ করে মাদকদ্রব্য বহন করায় এবং তার নিকট মাদকদ্রব্য পাওয়ার অপরাধে একই আইনের ধারা ৩৬(১) (ক্রমিক ১৭) অনুযায়ী দোষী সাব্যস্ত হন। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করেন কাজিপুর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান ও তার টিম।
জব্দকৃত ২ পিস ইয়াবা তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি ইয়াবা বিক্রেতা ও ক্রেতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তীতে আরও অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ অভিযানে স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও অন্যান্যরা আসামিকে আটক করতে সহায়তা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সালেহ আহমেদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন

সালেহ আহমেদ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন

দীর্ঘ দুই বছর সাত মাসের প্রতীক্ষার পর অবশেষে নিবন্ধন সম্পন্ন করেছে সাংবাদিকদের কল্যাণভিত্তিক সংগঠন “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।‍‍‍‌‌ সংগঠনটির নিবন্ধন নম্বর S-14517 নিবন্ধন সম্পন্ন হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ ২৩ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেন—সাংবাদিক সমাজের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও দায়িত্বশীল সংগঠন সময়ের দাবি। বিভিন্ন জেলা ও এলাকায় কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, অনেক সাংবাদিক পেশাগত ঝুঁকি, মামলা-মোকদ্দমা, হেনস্তা ও আর্থিক সংকটে পড়লেও তাদের পাশে দাঁড়ানোর মতো নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাব রয়েছে। সেই প্রয়োজনীয়তা থেকেই এই ফাউন্ডেশনের যাত্রা।

প্রতিষ্ঠানের প্রকৃতি ও বৈশিষ্ট্য

সংগঠনের গঠনতন্ত্রের ধারা-৪ অনুযায়ী, ফাউন্ডেশনটি একটি অরাজনৈকিত, কল্যাণমুখী, স্বেচ্ছাসেবী ও অলাভজনক জাতীয় সংগঠন হিসেবে সাংবাদিকদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নে কাজ করবে।

লক্ষ্য ও উদ্দেশ্য

১. অসহায় সাংবাদিকের মৃত্যুতে সহায়তা:
কোনো অসহায় সাংবাদিক মৃত্যুবরণ করলে তার দাফন-কাফনের সম্পূর্ণ ব্যয় বহন করবে ফাউন্ডেশন। পাশাপাশি পরিবারকে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ এবং প্রাপ্তবয়স্ক বেকার সন্তানদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

২. স্বল্প ব্যয়ের আবাসন প্রকল্প:
সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে সাংবাদিকদের জন্য কমিউনিটি-ভিত্তিক আবাসন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

৩. সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন:
প্রতিটি জেলায় আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন, নৈতিকতা, তথ্যপ্রযুক্তি ও অনুসন্ধানী সাংবাদিকতায় নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

৪. স্বাস্থ্যসেবা সুবিধা:
প্রতিটি বিভাগে সাংবাদিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল বা নির্ধারিত স্বাস্থ্যসেবা সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।

৫. শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন:
সাংবাদিকদের সন্তানদের জন্য প্রতিটি জেলা শহরে একটি বিদ্যালয় ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে।

৬. নারী সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন:
নারী সাংবাদিকদের অর্থনৈতিক ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টেইলারিং, ফ্যাশন ডিজাইন, কম্পিউটার প্রশিক্ষণ, হ্যান্ডিক্রাফট, ফুড প্রসেসিং, ই-কমার্স, ফ্রিল্যান্সিং ও ক্ষুদ্র উদ্যোক্তা প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

৭. আইনি সহায়তা:
প্রতিটি জেলায় তিনজন করে অভিজ্ঞ আইনজীবী নিয়োগের মাধ্যমে সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান করা হবে। হামলা, মামলা, হয়রানি বা মিথ্যা অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক আইনি সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

৮. চিকিৎসা বিশেষজ্ঞ নিয়োগ:
জেলা ও থানা পর্যায়ে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক নিয়োগ এবং বিভাগীয় শহরে বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

৯. কারামুক্ত সাংবাদিক পুনর্বাসন:
কারামুক্ত সাংবাদিকদের পুনর্বাসন, মানসিক পরামর্শ, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০. ভ্রমণ ও যোগাযোগ সুবিধা:
দূরপাল্লার যানবাহন, টোল প্লাজা, বিমান, লঞ্চ, ট্রেন ও মেট্রোরেলে সাংবাদিকদের জন্য অগ্রাধিকার ও বিশেষ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

১১. পেশাগত ও সাংস্কৃতিক উন্নয়ন:
যোগ্য সাংবাদিকদের বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, আন্তর্জাতিক সম্মেলন ও প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নিবন্ধনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় নতুন দিগন্তের সূচনা হবে এবং একটি শক্তিশালী কল্যাণভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে ফাউন্ডেশন দেশব্যাপী ভূমিকা রাখবে।

error: Content is protected !!