এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদীতে মেজর আখতারের হাত ধরে দুই শতাধিক লোকের জামায়াতে যোগদান
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির সাবেক এমপি,বীর মুক্তিযোদ্ধা ও সদ্য জামায়াতে যোগদান করা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের হাত ধরে বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মেজর রঞ্জনের বাড়িতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মেজর আখতারের উপস্থিতিতে যোগদানকৃত ব্যক্তিরা জামায়াতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করেন।
জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এরপর থেকে তিনি স্থানীয় এলাকা ও ঢাকায় জামায়াতের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে বক্তব্য দিয়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
এছাড়াও গত বৃহস্পতিবার তিনি ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য গুরুত্বপূর্ণ দেন।য পাশাপাশি নিজ এলাকায় তিনি নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে ব্যাপকভাবে ভূমিকা পালন করে আসছেন। তার আহ্বানে সাড়া দিয়ে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপিসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুজন সনাতন ধর্মাবলম্বীর ব্যক্তিসহ প্রায় দুই শতাধিক লোক জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীর হয়ে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন।
মেজর রঞ্জন আরও বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং মানুষকেও সেই আহ্বান জানিয়েছি। ইতোমধ্যে আমার আহ্বানে সাড়া দিয়ে মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মেজর রঞ্জন বলেন ইনশাআল্লাহ আগামীকাল বিকেলেও এই যোগদান কর্মসূচি চলমান থাকবে।














