এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন
এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন বরণ উপলক্ষে ২০২৬ সালের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল বাশার তারেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিয়া, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অজিত কুমার ভৌমিক, এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ করিম উদ্দিন, আলোর দিশারী প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ শহিদুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব ও এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রমজান আলী।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।














