বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সুলাইমান (আঃ) ও রানী বিলকিস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম | 79 বার পড়া হয়েছে
সুলাইমান (আঃ) ও রানী বিলকিস

হযরত সোলাইমান (আঃ) ছিলেন একাধারে একজন বাদশাহ এবং আল্লাহর নবী। আল্লাহ তাঁকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল পশুপাখিদের ভাষা বোঝা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ আদান-প্রদানের জন্য তিনি হুদহুদ নামের এক অনুগত পাখি ব্যবহার করতেন।
হুদহুদের গোয়েন্দাগিরি
আল্লাহ তাআলা বলেছেন,আর সুলাইমান (আঃ) পাখিদের খোঁজখবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কী? সে কি অনুপস্থিত? (সুরা নামল : ২০)।
একদিন সোলাইমান (আঃ) পাখিদের খোঁজ নিতে গিয়ে দেখলেন, তাঁর প্রিয় হুদহুদ ‘ইয়াফুর’ অনুপস্থিত। তিনি কারণ জানতে চাইলে হুদহুদ ফিরে এসে বলল:
“বাদশাহ নামদার! খোঁজ নিয়ে জানলাম, ইয়েমেন দেশটি চালান একজন নারী; কিন্তু তিনি অগ্নিপূজক। নাম তার বিলকিস বিনতে শারাহিল।”
এই সংবাদ শুনে সোলাইমান (আঃ) চিন্তায় পড়লেন।
চিঠি ও উপহার প্রত্যাখ্যান
সোলাইমান (আঃ) সাথে সাথে রানী বিলকিসের কাছে একটি চিঠি লিখলেন। তাতে লেখা ছিল: “গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো। অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর ইবাদত করো। সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো।”
হুদহুদ সেই চিঠি বয়ে নিয়ে বিলকিসের প্রাসাদের ভেতরে, তাঁর বিছানার পাশে রেখে আসলো। এত কঠোর প্রহরা ভেদ করে চিঠি রেখে যাওয়ার ঘটনায় রানী চিন্তায় পড়লেন। তিনি সোলাইমান (আঃ)-কে বস করার জন্য দামি দামি উপঢৌকন দিয়ে দূত পাঠালেন।
সোলাইমান (আঃ) উপঢৌকন প্রত্যাখ্যান করে পরিষ্কার জানিয়ে দিলেন: “রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙাল নই। তোমাদের রানীকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো!”
অলৌকিক সিংহাসন
খবর পেয়ে রানী বিলকিস নবী সোলাইমান (আঃ)-এর দরবারে রওনা হলেন। হুদহুদ আগেই সোলাইমান (আঃ)-কে রানীর আগমনের খবর জানিয়ে দিল।
রানী বিলকিসের সম্মান রক্ষার্থে সোলাইমান (আঃ) দরবারকে সুন্দরভাবে সাজালেন। এরপর তিনি তাঁর ক্ষমতা প্রদর্শন করে এক বিস্ময়কর কাজ করলেন—রানী আসার আগেই জ্বীনদের মাধ্যমে সাবা নগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিজের দরবারে নিয়ে এলেন।
রানী বিলকিস যখন দরবারে এলেন এবং এখানে নিজের সিংহাসন দেখলেন, তিনি ভেবেই পেলেন না কেমন করে এটি সম্ভব!
সোলাইমান (আঃ) তখন তাঁকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন এবং আল্লাহর একত্ববাদের কথা বললেন। সব দেখে-শুনে মুগ্ধ রানী বিলকিস, যিনি এতদিন অগ্নিপূজা করতেন, তিনি সত্যের আলো উপলব্ধি করলেন।
ফলশ্রুতি
রানী বিলকিস অগ্নিপূজা ছেড়ে দিয়ে তাওহিদের পতাকাতলে শামিল হলেন এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন।
শিক্ষা:
এই ঘটনা প্রমাণ করে, আল্লাহ তাঁর নবীকে এমন অলৌকিক ক্ষমতা দান করেন যে, তিনি প্রজ্ঞা এবং অলৌকিক নিদর্শন দ্বারা সবচেয়ে অহংকারী শাসকদেরও সত্যের পথে নিয়ে আসতে পারেন।

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া)

নন্দীগ্রামে এক অসহায় পরিবারকে সেলাই মেশিন প্রদান

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম
নন্দীগ্রামে এক অসহায় পরিবারকে সেলাই মেশিন প্রদান

বগুড়ার নন্দীগ্রামে এক অসহায় পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

১১ই মার্চ (বুধবার) দুপুর ১২ টায় বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার তত্ত্বাবধানে এবং ৪ নং থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান (প্যানেল-১) শামসুর রহমানের চেষ্টার প্রেক্ষিতে থালতামাঝগ্রাম ইউনিয়নের থালতা গ্রামের মিন্টু কুমার শীলের মেয়ে শ্রাবন্তী রানী শীল (১৭) কে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। দীর্ঘদিন হলে উক্ত অসহায় পরিবারটি আয়-উপার্জনের অবলম্বন হিসেবে একটি সেলাই মেশিন দাবি করে আসছিল। তারই প্রেক্ষিতে আজ উক্ত পরিবারটিকে ডেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
ঐ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান (প্যানেল-১) শামসুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারী নুরনবী আলম প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রতিক্ষীত সেলাই মেশিনটি হাতে পেয়ে পরিবারটি অত্যন্ত খুশি এবং আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও: কারখানা বন্ধ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম
পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও: কারখানা বন্ধ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকায় লবণ মিল শ্রমিকদের প্রায় তিন কোটি টাকা নিয়ে সমিতির ক্যাশিয়ার মো. শামীম উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় এলাকার প্রায় ৪০টি লবণ মিল কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বেলা ২টার দিকে পটিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইন্দ্রপুল লবণ শিল্প এলাকার প্রায় ৪০টি কারখানায় লবণ ক্রাশিং (প্রক্রিয়াজাত) কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কারখানাগুলো পুনরায় চালু করতে মালিক, শ্রমিক ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে চেষ্টা চালানো হচ্ছে।
জানা গেছে, পটিয়ার ইন্দ্রপুল লবণ শিল্প এলাকায় প্রায় ৪০টি লবণ মিল রয়েছে। এসব কারখানায় কাঁচা লবণ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার পর বাজারজাত করা হয়। এখানে প্রায় ১২০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের কল্যাণে একটি সমিতি রয়েছে, যার সদস্যদের কাছ থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করে একটি ব্যাংকে জমা রাখা হয়।
সমিতির নিয়ম অনুযায়ী প্রতি বছর ২০ রমজানে ওই টাকা সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, চলতি বছর কিছু সদস্যকে অল্প কিছু টাকা দেওয়ার পর সমিতির ক্যাশিয়ার মো. শামীম প্রায় তিন কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।
পটিয়া লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুজ হক আল্লাই বলেন, শ্রমিক সমিতির ক্যাশিয়ার টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ কারণে তারা কাজে যোগ দেয়নি এবং সকাল থেকে কারখানাগুলো বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে মালিক, শ্রমিক ও পুলিশের সঙ্গে বৈঠক চলছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, শ্রমিকদের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হওয়ার ঘটনায় শ্রমিকরা কাজে যোগ দেয়নি, যার কারণে কারখানা বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম
উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।

সভায় দিবস দুটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা, রাত ১১টা ৩০ মিনিটে এক মিনিট প্রতীকী ব্ল্যাকআউট (আলোক নিভিয়ে নিরবতা পালন) এবং বিশেষ দোয়া মাহফিল।

এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

error: Content is protected !!