ব্রেকাপ আর ডিভোর্সের পার্থক্যটা কী?
প্রেম করে ছাড়াছাড়ি হ’লে তাকে বলে ব্রেকাপ। বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটা নাকি ডিভোর্স। অদ্ভুত ব্যাপার, ব্রেকাপে মানুষ নাক সিটকায় না, অথচ ডিভোর্স হলে? তখন নানান সমালোচনা, নানান বাজে কথা। আর সে যদি মেয়ে হয়, তাহলে তো আর দেখতে নেই। সে একেবারেই অচ্ছুত।
কিন্তু কেন? ব্রেকাপ আর ডিভোর্সের পার্থক্যটা কী? একটু ভাবুন। দুটোই তো বিচ্ছেদ। পাঁচবার প্রেম করে, সেখান থেকে ব্রেকাপ করে আসা মেয়েটাকে বা ছেলেটাকে কাছের করে নেয় কত সহজেই, তার অতীত জেনেও। পাঁচ দশটা প্রেম করে, ফূর্তি আনন্দ করে, বিছানা শেয়ার করেও কেউ যদি ধোয়া তুলসী পাতা হয়ে যায়, তাহলে বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটাতেই কেন সীলমোহর পড়বে? আসলে সেটাতেই তখন স্ট্যাম্প পড়ে। তখন সে হয়ে যায় ডিভোর্সী। বাহ রে বাহ!
অথচ এও জানি তিন তিনটে ব্রেকাপের পর, ফিজিক্যাল রিলেশনে ছিল জেনেও সেই মেয়েটির সাথে সুন্দর ভাবে প্রেম করছে ছেলেটি। অথচ ডিভোর্সী মেয়েটা? তার নতুন কোনো সম্পর্ক তৈরি করতে চাইলে সে নাকি চরিত্রহীন। তার সাথে প্রেম নয়, বরং ছল ছুঁতো করে সুযোগ নেওয়া যেতে পারে, তার থেকে সুবিধা নেওয়া যেতে পারে, কিন্তু কোনো মতেই সম্পর্ক তৈরি করা যাবে না। সম্পর্কে যেতে বললেই নৈব নৈব চ।
হ্যাঁ এটাই হয়। দশ বার প্রেম করে দশ বার ছেড়ে দেওয়া যায়, মনোরঞ্জনের জন্য সব কিছু করা যায়, ইচ্ছে হলে থাকা যায়, ইচ্ছে হলে ছাড়া যায়, একজনের সাথে প্রেম করতে করতে অন্য এক জনের সাথেও সম্পর্ক রাখা যায়, ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলা যায়, ইচ্ছে মত ঘুরে বেড়ানো যায়, নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন মজা নেওয়ার জন্য ওয়ো বুক করা যায়, আজ এর প্রেমিক হিসেবে, কাল ওর প্রেমিকা হিসেবে, ভাবা যায়? কত অপশন। এসব করে ছাড়াছাড়ি হলে সেটাকে শুধু বলে ব্রেকাপ।তারপর গঙ্গার জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নেওয়া। আহা কি অপূর্ব ঘটনা। ডিভোর্স তো নয়, ব্রেকাপ তো! আবার নতুন সাথী খোঁজো। ব্রেকাপের তো কোনো দাগ হয় না। ডিভোর্স মানেই দাগী। তখন তুমি আসামী। লোকে বলবে, তুমি না ডিভোর্সী?
বিবাহ বিচ্ছেদ তো বেশির ভাগ ক্ষেত্রেই দুজনের মুক্তি। কিন্তু প্রেমের বিচ্ছেদে একজনের ভয়ঙ্কর যন্ত্রণা, আর অন্য জনের কেটে পড়া, সেটাই তো হয় বেশি। দায় নিতে হয় না বলেই, সমাজে জবাব দিহি করতে হয় না বলেই, যা খুশী করা যায়। আসলে বিচ্ছেদ মানে বিচ্ছেদই। বিয়ে ভাঙলে যেমন আদালতে যেতে হয়, তেমনি প্রেম ভাঙতে গেলে যদি আইন আদালতের সাহায্য নিতে হত মানুষ তাহলে দশবার ভাবত। সেটা নেই বলেই কত সহজে নিজেকে শুদ্ধ করে নেওয়া যায়। বিয়ে ভাঙার নাম যদি ডিভোর্স হয়, তাহলে প্রেম ভাঙার নামও ডিভোর্স হোক। সহজেই ছেড়ে দিতে পারে বলেই আজকাল প্রেম ভীষণ সস্তা।














