শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

মনোহরদীতে উপজেলা নির্বাচনী মাঠে জামায়াতের শক্ত বার্তা: এটিএম রফিউদ্দিন-শাহীন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১০:৩৫ এএম | 264 বার পড়া হয়েছে
মনোহরদীতে উপজেলা নির্বাচনী মাঠে জামায়াতের শক্ত বার্তা: এটিএম রফিউদ্দিন-শাহীন

আসন্ন মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরদী দক্ষিণ সাংগঠনিক শাখা। চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন দলের নরসিংদী জেলা শাখার সাবেক আমীর ও অভিজ্ঞ রাজনীতিবিদ আবু তৈয়ব মোহাম্মদ রফিউদ্দিন, এবং ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন শিক্ষানুরাগী সমাজসেবক ও শিক্ষক মোঃ তাজুল ইসলাম শাহীন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এক বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে এ দুইজনের নাম ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই উপজেলায় শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। দলীয় নেতাকর্মীরা প্রার্থীদের অভিনন্দন জানিয়ে ইতোমধ্যে শুভেচ্ছা সফর, গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।

আবু তৈয়ব মোহাম্মদ রফিউদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নরসিংদী জেলা আমীর হিসেবে তাঁর নেতৃত্ব এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্যতা ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। পরিচ্ছন্ন রাজনীতি, নীতিনিষ্ঠতা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই নেতার ভাষায়, “আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্যই এ নির্বাচনে অংশ নিচ্ছি।”

দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মতে, তিনি একজন নির্লোভ, পরিশ্রমী ও দৃঢ়চেতা ব্যক্তিত্ব। সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে তাঁর প্রতিশ্রুতি এলাকাবাসীর কাছে যথেষ্ট আস্থার জায়গা তৈরি করেছে।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাজুল ইসলাম শাহীন একজন পরিচ্ছন্ন ও মানবিক রাজনীতিবিদ। তিনি জামায়াতে ইসলামীর মনোহরদী দক্ষিণ শাখার দায়িত্বশীল সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দলীয়ভাবে সক্রিয়। পাশাপাশি, শিবপুর খড়িয়া হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়। তিনি ব্যবসায়ী হিসেবেও এলাকায় সুপরিচিত।

তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরা বলছেন, তিনি একজন সদালাপী, বিনয়ী ও নিরহঙ্কার মানুষ, যিনি সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সমাজসেবা, শিক্ষা এবং মানবিক সহায়তায় তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে জনমানুষের কাছে আস্থাভাজন করে তুলেছে।

দুই প্রার্থীর নাম ঘোষণার পর থেকে মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় ভোটার ও সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে গণসংযোগ, প্রচারপত্র বিলি ও এলাকাভিত্তিক মতবিনিময় সভা।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আশা করছেন, রফিউদ্দিন ও শাহীন বিজয়ী হলে মনোহরদী উপজেলা হবে একটি আদর্শিক, সুশাসিত ও মানবিক উন্নয়নের মডেল। দলীয়ভাবে এই নির্বাচনে সংগঠিত ও ইতিবাচক প্রচারণা চালানোর প্রস্তুতি চলছে।

এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এবং ভোটারদের রায় প্রতিফলিত হয়, তবে জামায়াতের প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

পোরশায় সড়কে রশি টেনে ডাকাতি: বাবা-ছেলেসহ ৪ ডাকাত গ্রেফতার

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম
পোরশায় সড়কে রশি টেনে ডাকাতি: বাবা-ছেলেসহ ৪ ডাকাত গ্রেফতার

নওগাঁর পোরশা উপজেলায় সড়কে রশি টেনে সংঘটিত ডাকাতির ঘটনায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন— সাপাহার উপজেলার খোট্টাপাড়া গ্রামের আবু তাহের (৫৬) ও তাঁর ছেলে কামাল হোসেন (২৩), নওগাঁ সদর উপজেলার দোগাছী দক্ষিণপাড়া গ্রামের গোলাম মোস্তফা (৫৫) এবং মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মোস্তাক আহমেদ (৪৬)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী-খাট্টাপাড়া ফকিরের মোড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলটি একটি সেতুর ওপর রশি টেনে ছয়জন আরোহীসহ দুটি মোটরসাইকেলের পথরোধ করে। পরে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং ১২৫ সিসির দুটি ডিসকভার মোটরসাইকেল লুটে নেয়।

ডাকাতরা ভুক্তভোগীদের পাশের একটি আম বাগানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। এ ঘটনায় পরদিন পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার জানান, মামলার তদন্তে নেমে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তথ্যপ্রযুক্তি ও এআই ব্যবহার করে মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করে। পরবর্তীতে নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে গোলাম মোস্তফার বিরুদ্ধে মাদক ও দ্রুত বিচার আইনে দুটি, আবু তাহেরের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ পাঁচটি, কামাল হোসেনের বিরুদ্ধে দুটি এবং মোস্তাক আহমেদের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ আটটি মামলা চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলন শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোরে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

মো: রাজিবুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:০৩ পিএম
নাটোরে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে নাটোর সদর থানাধীন চকরামপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাসেম শেখের ছেলে লিটন শেখ (৪২) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছাতিয়ানগাছা মন্ডলপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের চকরামপুর এলাকায় ইসলামিয়া পচুর হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী শাহী ক্লাসিক (ঢাকা মেট্রো-ব-১৪-৫৩৫৭) নামের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রীর কাছে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন।

এ ঘটনায় পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মো: রাজিবুল ইসলাম বাবু
বিশেষ প্রতিনিধি
নাটোর।
০১৩১০-৩২১ ৩০৬.
০১৭৪০-৮১৫ ৫০৬.
৩ এপ্রিল ২০২৬.

error: Content is protected !!