মিলন হোসেন নিয়ামতপুর নওগাঁ
নিয়ামতপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি নওগাঁ- ১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সরকার ভোটের কালির দাগ শুকানোর আগে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন।
একই সাথে কৃষক কার্ড নিয়ে কাজ করছে। খুব শীঘ্রই কৃষক কার্ডের উদ্বোধন করা হবে। সেই সাথে প্রতিটি কৃষককে নিজ বাড়ীর পতিত জমিতে ফল,সবজি চাষ করার পরামর্শ দেন
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রইসুল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম এবং নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-১ মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১০ হাজার ৭০০ জন কৃষকের মাঝে উফশী জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আউশ ধানের আবাদ বৃদ্ধি পাবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমে আসবে।

















