সোনালী আঁশের গৌরব ফেরাতে খুলনার পাটকল পুনরায় চালুর দাবি
“সোনালী আঁশের গৌরব ফেরত চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্দোলনরত শিল্পাঞ্চল পুনরুদ্ধার পর্ষদ-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি দিঘলিয়ার চন্দনীমহল এলাকায় অবস্থিত স্টার জুট মিলস লিমিটেড সংলগ্ন দিঘলিয়া উপজেলা শিল্পাঞ্চল পুনরুদ্ধার কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি খুলনার বন্ধ হয়ে যাওয়া সকল পাটকলসহ অন্যান্য কল-কারখানা পুনরায় সরকারি ব্যবস্থাপনায় চালুর জোর দাবি জানান। তারা বলেন, এক সময় পাটশিল্প ছিল বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। খুলনা অঞ্চলের হাজারো শ্রমিক ও তাদের পরিবার এই শিল্পের ওপর নির্ভরশীল ছিল। পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাই দ্রুত সময়ের মধ্যে পাটকলগুলো চালু করে শিল্পাঞ্চলের পূর্বের ঐতিহ্য ও কর্মসংস্থান ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জসিম গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন, নুর ইসলাম, শামস শারফিন স্যামন, আবুল খায়ের, মোহাম্মদ ফয়সাল হোসেন, রাজিব, সুজিত, সাংবাদিক বেনজীর আহমেদ মুকুল, সৌমিত্র দত্ত, জাহিদ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।








