শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৩:০৮ পিএম | 94 বার পড়া হয়েছে
সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারের দুর্গাপূজা ঘিরে ব্যাপক তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আগামী ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে দুর্গোৎসব। ১৩ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এই উৎসবের শেষ হবে। সরকারি হিসেবে, সারাদেশে এ বছর ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

এই উৎসব উপলক্ষে দেশজুড়ে পূজামণ্ডপ গুলোতে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য একগুচ্ছ নির্দেশনাও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিটি মণ্ডপ ঘিরে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। এছাড়া প্রতিটি মণ্ডপে পূজা চলাকালে সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‌্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায় থেকে নিরাপত্তা বাহিনীকে এবার সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সার্বিক পরিস্থিতির বিষয়ে মাঠপর্যায়ে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চলছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর। যে কোনো গুজব প্রতিরোধে নজর রাখা হচ্ছে সাইবার স্পেসেও। এরপরও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাবের হেলিকপ্টারসহ স্ট্রাইকিং ফোর্স। গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। প্রয়োজনে পুরো এলাকা সুইপিং করবে ডগ স্কোয়াড ইউনিট।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকটি ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক যে কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর বাইরে মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবীরাও সার্বক্ষণিক তৎপর থাকবে। যে কোনো অসঙ্গতি দেখলে অবিলম্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, দুর্গোৎসব ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি বা হামলার তথ্য এখনও পাওয়া যায়নি। তারপরও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে শতভাগ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ পূজারীগণকেও কিছু নিরাপত্তা পরামর্শ প্রদান করেছে।

এসব পরামর্শগুলো হচ্ছে-সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন-ফেসবুক, টুইটার, ইউটিউব অথবা ব¬গ ইত্যাদি এবং মোবাইল ফোনের মাধ্যমে কোন ব্যক্তি বা গোষ্ঠী যেন কোনো অপরাধমূলক ঘটনা বা গুজব সৃষ্টি করে কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা। এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলে পুলিশকে অবিলম্বে অবহিত করা।

এছাড়াও পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করতে হবে। পূজামণ্ডপে কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপন যন্ত্র স্থাপন করতে হবে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। স্বেচ্ছাসেবকদেরকে আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লিখিত আর্মড ব্যান্ড প্রদান করতে হবে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে সীমান্তবর্তী পূজামণ্ডপে বিজিবির টহল পরিচালনা করা হচ্ছে।

বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সাতক্ষীরা জেলার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত মোট ৩৯টি পূজামণ্ডপ রয়েছে। গত ৩ অক্টোবর এসব পূজাম-পসমূহ ও আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষার জন্য অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহ্ খালেদ ইমামের নেতৃত্বে ২টি পিকআপ যোগে ১ প্লাটুন বিজিবি সদস্য সকল পূজামণ্ডপ পরিদর্শন ও রেকি কার্যক্রম সম্পন্ন করে ।

পূজাম-পসমূহের সভাপতি, সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ ও সংশ্লিষ্ট এলাকার নেতৃস্থানীয় ও গণ্যমান্য বক্তিবর্গের সাথে প্রয়োজনীয় মতবিনিময় করা হচ্ছে। এছাড়াও রেকিদল পূজাম-পসমূহে স্থাপিত সিসি ক্যামেরা, জেনারেটর, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, পূজামণ্ডপসমূহে দুস্কৃতিকারী কর্তৃক আক্রমণের সম্ভাবনা রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছেন এবং বিজিবির বেইজ ক্যাম্প স্থাপনের জন্য স্থান পরিদর্শন করেছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দুই লক্ষাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বাসসকে বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিক। আইন-শঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করছি। সরকারের পক্ষ থেকে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌপুলিশ ও আনসার ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তা নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে সভা হয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনী এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। এতে আমরা সন্তোষ প্রকাশ করছি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্ণেল মুনীম ফেরদৌস বাসসকে বলেন,শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবারের মতো এ বছরও সারাদেশে ৩২ হাজারেরও বেশি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র‌্যাব। এ লক্ষ্যে র‌্যাব দেশব্যাপী চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে। পূজা উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে র‌্যাবের কুইক রেসপন্স টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। এছাড়াও নিরাপত্তায় থাকবে ডগস্কোয়াড।

সূত্র: বাসস

চিকিৎসায় সাফল্য ও মানবিকতা: ঢাকা-১৭ আসনে ডা. খালিদুজ্জামানের পক্ষে গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:১০ এএম
চিকিৎসায় সাফল্য ও মানবিকতা: ঢাকা-১৭ আসনে ডা. খালিদুজ্জামানের পক্ষে গণজোয়ার

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এক নিঃসন্তান মায়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল হওয়ার পর তার প্রতি জনসমর্থন ও সাধারণ মানুষের সহমর্মিতা আরও বেড়েছে।

চিকিৎসায় অভাবনীয় সাফল্য

পিরোজপুরের বাসিন্দা আইরিন সুলতানা নামে এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দীর্ঘ ৬ বছর দেশের নামি-দামি বহু চিকিৎসকের শরণাপন্ন হয়েও তিনি মাতৃত্বের স্বাদ পাননি। অবশেষে ডা. এস এম খালিদুজ্জামানের চিকিৎসায় মাত্র ২৬ দিনের মাথায় তিনি গর্ভধারণ করেন। বর্তমানে তিনি একটি সুস্থ কন্যাসন্তানের মা। তার মতে, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি থাকলেও একজন চিকিৎসক হিসেবে ডা. খালিদুজ্জামান বহু পরিবারে আশার আলো জ্বালিয়েছেন।

যোগ্যতা নিয়ে অপপ্রচারের জবাব

ডা. খালিদুজ্জামানের এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রায়োলজি (ভারত) ডিগ্রিসহ চিকিৎসা ক্ষেত্রে তার সফলতার রেকর্ডটি দীর্ঘ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম টেস্টটিউব বেবি সফলতায় তার অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে সাধারণ ভোটাররা বলছেন, তার মেধা ও দক্ষতাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

নির্বাচনী মাঠে ‘দাড়িপাল্লা’ প্রতীকের প্রভাব

ব্যক্তিগত জীবনে পরোপকারী এবং সফল এই চিকিৎসককে ঘিরে ঢাকা-১৭ আসনের ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। ভোটারদের একাংশ মনে করছেন, প্রথাগত রাজনীতির বাইরে একজন দক্ষ পেশাজীবীকে জনপ্রতিনিধি হিসেবে পাওয়া এলাকার উন্নয়নের জন্য ইতিবাচক। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে বিনামূল্যে বা স্বল্পমূল্যে উন্নত চিকিৎসার যে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন, তা সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে।

জনগণের প্রত্যাশা

নির্বাচনী প্রচারণায় ডা. খালিদুজ্জামান বলছেন, তিনি নির্বাচিত হলে ঢাকা-১৭ আসনকে একটি আধুনিক ও স্বাস্থ্যসেবা-বান্ধব মডেল হিসেবে গড়ে তুলবেন। কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং কর্মের মাধ্যমেই তিনি সকল সমালোচনার জবাব দিতে চান।

পরিশেষে, একজন সফল চিকিৎসক যখন রাজনৈতিক ময়দানে আসেন, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। আইরিন সুলতানার মতো হাজারো মানুষের দোয়া ও ভালোবাসাই এখন ডা. এস এম খালিদুজ্জামানের নির্বাচনী বৈতরণী পার হওয়ার বড় শক্তি।

আহত-৩০

কিশোরগঞ্জে বিএনপির জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩১ পিএম
কিশোরগঞ্জে বিএনপির জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপি’র নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৩জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এসংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, বিকেলে ভাতশালা গ্রামে কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভা চলছিল। তবে তিনি অসুস্থতার কারণে ওই জনসভায় উপস্থিত হতে পারেননি।

ঘটনা সূত্রে আরো জানা যায়, সভার শেষে পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। এসময় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের চেয়ারে বসা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি পর্যায়ে রূপ নেয়। সংঘর্ষে যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ অন্তত ২০জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে যুবদল নেতা মাহবুব আলম কিসমত অভিযোগ করে বলেন, মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া ও তার সাথে থাকা লোকজন আমাদের ওপর হঠাৎ হামলা চালায়। এতে আমি সহ অন্তত দলের ২০ নেতাকর্মী আহত হই।

অপরদিকে তার দেওয়া অভিযোগ অস্বীকার করে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া বলেন যুবদল নেতা কিসমত ও তার সাথে থাকা লোকজনই প্রথম আমাদের উপর হামলা করেছে। হামলায় আমি সহ অন্তত দলের ৮-১০ জন কর্মী গুরুতর আহত হয়েছে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানান, বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এখানকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীতের পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছিল শিরিন আওলাদ মডেল স্কুল চত্বর

মোঃ সুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:২৫ পিএম
শীতের পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছিল শিরিন আওলাদ মডেল স্কুল চত্বর

গাজীপুরের শ্রীপুরের শিরিন আওলাদ মডেল স্কুলে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। শীতের আমেজে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছিল স্কুল চত্বর।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক বেগম শামসুন্নাহার।
অনুষ্ঠানের উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উৎসবে ভাপা পিঠা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীরা নিজেরা পিঠা তৈরি করে স্টলে উপস্থাপন করে। এতে তাদের মধ্যে সৃজনশীলতা ও দলগত কাজের অভিজ্ঞতা তৈরি হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পাঠ্যবইয়েরে বাইরের জ্ঞান অর্জন এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন। পিঠা উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেক অভিভাবকও সন্তানের তৈরি পিঠার স্বাদ নিতে অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম সাংবাদিককে বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তোলে। ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।’
পিঠা উৎসবকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় পুরো আয়োজনটি সফলের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।