নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নাসিরনগরে ধরমন্ডল থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে নাসিরনগর থানাধীন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল এলাকায় আনসার মিয়ার বসতঘর থেকে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) মো. মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। সকাল ৮টা ১৫ মিনিটে অভিযুক্তের বাড়িতে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম আনসার মিয়া (৩০) বলে পরিচয় দেন।
তার দেখানো মতে বসতঘর থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো—
১. একটি কালো রঙের SUZUKI 150cc (রেজি: ঢাকা মেট্রো ল-৬২-২৯৪৯),
২. একটি নীল রঙের YAMAHA R-15 160cc (রেজি: ঢাকা মেট্রো ল-৪৩-৫৬০৬),
৩. একটি লাল-কালো রঙের Discover 110cc (রেজি: ঢাকা মেট্রো হ-৫৮-৬১৬১)।
আসামির কাছে মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে সকাল সাড়ে ৮টার দিকে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আনসার মিয়া ধরমন্ডল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা নম্বর-১৯, তারিখ ৩০/০১/২০২৬, দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। তার অজ্ঞাতনামা সহযোগীদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











