ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
জামালপুরের ইসলামপুর উপজেলায় জোরপূর্বক জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী মো. ছাইদুজ্জামান।
মো. ছাইদুজ্জামান উপজেলার পূর্ব গামারিয়া উজানপাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগে জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত তাঁর মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে মজিবুর রহমান গং জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময় জমিতে অনধিকার প্রবেশ করে চাষাবাদ ও বসতবাড়ি নির্মাণে বাধা দিয়ে আসছেন।
অভিযোগে মো. মজিবুর রহমান, সুমন মিয়া, জাকির হোসেন, মনোয়ারা বেগম, আবদুল গণি ও মনোয়ার হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ১৫ জানুয়ারি সকালে অভিযুক্তরা তাঁর জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
মো. ছাইদুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারের সদস্যদের নানা ধরনের হয়রানি করা হচ্ছে। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।
তিনি আরও বলেন, গত ২৯ জানুয়ারি সকালে জমিতে ধান রোপণ করতে গেলে অভিযুক্তরা তাঁকে বাধা দেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় পরিবারের সদস্যদের ওপর লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।











