মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
নেছারাবাদে মাদক ব্যবসায়ী দম্পতি আটক
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করা হয়েছে। এ সময় তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন স্বরূপকাঠি পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মৃত আবুল কালামের ছেলে রাসেল হাওলাদার (৩৫) এবং তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়,২৮ জানুয়ারী বুধবার,গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ সেনা ক্যাম্পের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে তাদের বসতবাড়ি তল্লাশি করে ৩৩০ পিস ইয়াবা,৭গ্রাম গাঁজা,১২টি মোবাইল ফোন,৫টি সিম কার্ড,২টি সিসি ক্যামেরা,১টি মেমোরি কার্ড,৬টি গ্রাইন্ডার মেশিন,একটি জঙ্গল নাইফসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়,আটক দম্পতি দীর্ঘদিন ধরে নেছারাবাদ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এতদিন তারা আইনের চোখ ফাঁকি দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযান শেষে আটক দম্পতিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সেনা ক্যাম্প সূত্র জানায়,মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











