মোঃ মাইনুদ্দিন শিকদার, স্টাফ রিপোর্টার
কোনাবাড়িতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে যমুনা ডেনিমের শ্রমিকেরা ৮ দফা দাবিতে রাস্তা অবরোধ করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশের ১০ জন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আজ শনিবার সকালে কোনাবাড়ী এলাকায় অবস্থিত যমুনা ডেনিমস লিমিটেড নামের কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, তাদের উত্থাপিত ৮ দফা দাবি কর্তৃপক্ষ না মেনে পুলিশ ডেকে এনে শ্রমিকদের ওপর টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে কোনাবাড়ি সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করেন শ্রমিকেরা।
ঘটনার পরে কারখানা কর্তৃপক্ষের নিকট ঘটনার কারণ জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পরে দেখা যায় বেলা ১১টার দিকে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, শ্রমিকেরা হঠাৎ রাস্তা অবরোধ করে যান- বাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরে দাঁড়াতে বললে এ সময় তারা পুলিশের সঙ্গে উশৃঙ্খল আচরণ করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, “উশৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।















