ভোটারদের বার্তা দেবে তৃণমূলে
সাভার থেকে শুরু ‘ভোটের রিকশা’
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সরকারের উদ্যোগে ‘ভোটের রিকশা’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে এ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বাংলাদেশ বেতারের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এবারের নির্বাচনে অংশ নেবেন। ভোটাররা গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের মাধ্যমে দেশে স্বৈরাচারী ব্যবস্থার চিরস্থায়ী সমাপ্তি ঘটাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভোটের রিকশা’ কর্মসূচি দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে পরিচালিত হবে। এর মাধ্যমে ভোটারদের সচেতন করা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব বোঝানো এবং গণভোট সংশ্লিষ্ট বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. ইয়াসীন এবং যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
বক্তারা জানান, গণভোট ২০২৬-এর মাধ্যমে সংবিধানে প্রস্তাবিত সংস্কারগুলোর পক্ষে জনমত গঠন করাই এই প্রচারণার প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

















