ফুলকপি তেলাপিয়ার ঝোল’র রেসিপি
শীতের সবজি ফুলকপি আর তেলাপিয়া মাছ দিয়ে দারুন একটি শীতকালীন রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এটি হলো ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
মাঝারি সাইজের তেলাপিয়া মাছ ১টি, ছোট ফুলকপি ১টি, আলু ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ করে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫/৬টি, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ।
রান্নার প্রণালি :
তেলাপিয়া মাছ কেটে ধুয়ে, লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ভেজে নিন। ফুলকপি কেটে ধুয়ে রাখুন। পাত্রে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি সামান্য ভেজে আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, অল্প পরিমাণ পানি দিয়ে মসলা কষান।
এই পর্যায়ে আলু দিয়ে ৫ মিনিট রান্না করুন। এরপর ফুলকপি দিন। কষানো হলে পানি দিন। এবার ঢেকে রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত। শেষে ভাজা মাছ, কাঁচামরিচ ফালি, জিরা গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।
আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।















