শীতের দুধ চিতইর রেসিপি
এই শীত জুড়ে বাংলার ঘরে ঘরে হরেক রকমের পিঠা তৈরির ধুম লেগে যায়। অঞ্চল ভেদে বিভিন্ন রকমের পিঠা তৈরি হয়। তবে একটি পিঠা বাংলাদেশের প্রায় সব এলাকাতেই দেখতে পাওয়া যায়। এটি হলো দুধ চিতই পিঠা। চিতই পিঠা দুধে জ্বাল দিয়ে তৈরি করা এই মজাদার পিঠা তৈরির রেসিপিটি আপনাদের জন্যে দিয়েছেন শেফ শিরিনা রহমান লাবনী। তো, আসুন জেনে নেওয়া যাক দুধ চিতই তৈরির রেসিপি।
উপকরণ :
চালের গুঁড়া ৪ কাপ, দুধ দুই লিটার, খেঁজুরের গুড় (যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন) পরিমাণমতো, নারিকেল কোরানো দুই কাপ, দারুচিনি – এলাচ ২/৩ টুকরা, তেল সামান্য, পানি পরিমাণমতো, লবণ স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন :
চালের গুঁড়া, লবণ, পানি একসঙ্গে মিশিয়ে ভালো করে ফেটে নিন। মিশ্রণগুলো যেন বেশি পাতলা বা ঘন না হয়। গোলা ১ ঘন্টা ঢেকে রাখুন। দুই লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে রাখুন। হাঁড়িতে দুই লিটার পরিমাণ পানি, গুড় হালকা আঁচে জ্বাল দিয়ে সিরা করে ছেঁকে দারুচিনি – এলাচ দিয়ে আবার জ্বাল দিন। সিরা ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।
এবার চুলায় পিঠার খোলা বসিয়ে গরম হলে তেল ব্রাশ করে চামচে অল্প মিশ্রণ নিয়ে খোলায় ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঢাকনার চারপাশে হাত দিয়ে একটু পানি ছিটিয়ে দিন। সব পিঠা তৈরি হয়ে গেলে সিরাতে একটা একটা করে পিঠা ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। একটু ঠাণ্ডা হলে নারিকেল ও ঘন দুধ দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালে পরিবেশন করুন মজাদার দুধ চিতই পিঠা।











