মুক্তা হাসানের রেসিপি
পাটিসাপটা পিঠা বানাতে চালের গুঁড়া, ময়দা, গুঁড়া বা তরল দুধ ও পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে প্যানে সেঁকে নিতে হয়। পুর হিসেবে নারকেলের সাথে গুড় বা ক্ষীর মিশিয়ে রোল করে দেওয়া হয়। এটি নরম ও সুস্বাদু হয়। শীতের দিনের এই জনপ্রিয় পিঠার রেসিপি দিয়েছেন মডেল – অভিনেত্রী মুক্তা হাসান। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
ব্যাটার তৈরির উপকরণ :
চালের গুঁড়া ১ কাপ, ময়দা ১/২ কাপ, সুজি ১/৪ কাপ (ঐচ্ছিক), গুঁড়া দুধ ২ টেবিল চামচ বা এক কাপ তরল দুধ, চিনি ৩/৪ কাপ, সামান্য লবণ, প্রয়োজনমতো পানি।
নারকেলের পুর তৈরির উপকরণ :
নারকেল কোরানো ১ কাপ, খেজুরের গুড় ১/২ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ
ক্ষীরের পুর তৈরির উপকরণ :
দুধ ২ লিটার বা পরিমাণ মতো গুঁড়া দুধ, চিনি, চালের গুঁড়া, ময়দা, সামান্য ঘি।
ব্যাটার তৈরির প্রণালি :
একটি পাত্রে চালের গুঁড়া, ময়দা, সুজি, গুঁড়া দুধ, চিনি ও লবণ নিন।অল্প অল্প করে পানি মিশিয়ে মসৃণ ও পাতলা একটি ব্যাটার তৈরি করুন (ইডলি বা দোসার ব্যাটারের মতো) এবং ৩০ মিনিট রেস্টে রাখুন।
নারকেলের পুর তৈরির প্রণালি :
একটি প্যানে নারকেল কোরানো ও গুড়/চিনি দিয়ে নাড়াচাড়া করুন যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে।এলাচ গুঁড়া মিশিয়ে নামিয়ে নিন।
ক্ষীরের পুর তৈরির প্রণালি : কড়াইতে তরল দুধ কিম্বা পাউডার দুধ গুলিয়ে জ্বাল দিতে থাকুন। ঘন হয়ে আসলে সব উপকরণ মিশিয়ে জ্বাল দিয়ে নামিয়ে নিন।
পিঠা তৈরি :
একটি ননস্টিক প্যান গরম করে সামান্য তেল/ঘি ব্রাশ করুন। এক হাতা ব্যাটার প্যানে দিয়ে পাতলা রুটির মতো ছড়িয়ে দিন। রুটির ওপরের দিকটা শুকিয়ে এলে এক পাশ থেকে পুর দিন এবং সাবধানে রোল করে নিন।
এভাবে সবগুলো পিঠা তৈরি করে গরম গরম পরিবেশন করুন। ঠান্ডা হলে পরিবেশন করতে পারেন, তবে গরমই বেশি ভালো লাগে।











