ফুলকপি দিয়ে সুস্বাদু কই মাছের রেসিপি
শীতের মজাদার সবজি ফুলকপি দিয়ে সুস্বাদু কই মাছের দারুন একটি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। তো, আসুন তার কই – ফুলকপির ঝাল রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
কৈ মাছ ছয়টা, ফুলকপি একটা, সিম ২৫০ গ্রাম, আলু ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, জিরা গুঁড়া এক চা চামচ, ধনেপাতা কুচি হাফ কাপ, কাঁচা মরিচ ফালি ৬/৭টি, সয়াবিন তেল চার টেবিল চামচ, লবণ স্বাদমতো।
রান্নার প্রণালি :
কই মাছ লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। পরে ফ্রাইপ্যানে তেল গরম হলে লালচে করে ভেজে নিন। এবার সিম, ফুলকপি, আলু কেটে পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে অল্প পানি দিন। এবার আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে কষিয়ে, আলু এবং ফুলকপির ডাটা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করুন।
এই পর্যায়ে সিম দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন। শেষে ফুলকপি দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে, ঝোলের পানি দিন। ফুটে উঠলে জিরা গুড়া, কাঁচা মরিচ ফালি দিন। আবারও ফুটে উঠলে ভাজা মাছ দিন। সবশেষ ধনেপাতা কুচি ছড়িয়ে লবণ চেখে নামিয়ে নিন। ব্যস, রান্না হয়ে গেলো ফুলকপি দিয়ে কই মাছের ঝাল।











