শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া আহসান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ এএম | 74 বার পড়া হয়েছে
ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া আহসান

দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া আহসান। আবীর চট্টোপাধ্যায় সঙ্গে তার বন্ধুত্ব বহু পুরোনো এবং ইন্ডাস্ট্রিতে এই জুটির পর্দার রসায়নও দারুণ জনপ্রিয়। সম্প্রতি জয়া আহসানের কথায় আবীর চট্টোপাধ্যায়ের প্রতি তার মুগ্ধতা যেন এক অন্য মাত্রা পেল।
জয়া জানান, ইন্ডাস্ট্রিতে বহু মানুষের সঙ্গে কাজ করতে হলেও আবীর চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম ব্যতিক্রমী। তিনি একজন অত্যন্ত নির্ঝঞ্ঝাট মানুষ। জয়ার কথায়, ‘ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ। আর সবচেয়ে বড় কথা হলো, ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর।’
‘আমি কখনও দেখিনি ও কোনও আড্ডায় বা কখনও কোথাও কাউকে নিয়ে সমালোচনা করছে। কেউ কষ্ট পেতে পারে এরকম কথা আমি আবীরকে কখনও বলতে শুনিনি। তাই ওর জায়গা আমার জীবনে অনেকটা উপরে। একটু বেশিই সমালোচনাহীন মানুষ। যদিও মাঝেমধ্যেই একটু টক-ঝাল গল্প হলে সকলেরই খুব ভালোলাগে। তবে ওর মধ্যেও নিশ্চয়ই সেটা আছে, নয় সেটা কেউ খুঁজে পায় না। অথবা আমরা দেখতে পাই না।’
অভিনেত্রীর ভাষ্যে, ‘পুতুল নাচের ইতিকথার জন্য আমরা কিছু দিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। ওরে বাবা! আবীর ঢোকার সঙ্গে সঙ্গে সে যা হলো। আমাদের দিকে আর কে তাকাবে, আমাদের কথা কারও তখন কান দিয়ে মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না। সকলে শুধু ওর দিকেই তাকিয়ে রয়েছে। মুগ্ধ নয়নে সকলে আবীরকে দেখছে। আমিও দেখছিলাম যে আহা কী অপূর্ব এই দৃশ্য। ওর জন্য অনুরাগীরা কতটা পাগল। এই ভক্তদের সামলে রাখা এবং সবটা এমন যত্নে রাখাও খুব কঠিন কাজ। আবীর খুব সুন্দর মেনটেন করে।’
তিনি আরও বলেন, ‘আসলে আবীরের থেকে অনেক কিছু শেখার আছে। সংসার এবং কর্মজীবন পাশাপাশি চালিয়ে যাওয়া খুব সহজ কাজ নয়। আবীর খুব সুন্দর ভাবে পরিবারকে প্রাধান্য দিয়ে সংসার জীবনটা মেনটেন করে। শুধু তাই নয়, কাজের জায়গাটাও ব্যালান্স করে। আসলে তার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার।’
জয়ার কথায়, ‘ওর অনুভূতি খুব মন থেকেই আসে সেটা যার জন্যই হোক। এবং এই বিষয়টা কিন্তু ফেক নয়। আমি চাইব ও যেন সারাজীবন এমনই থাকে। আমরা যা করতে পারিনি বা পারি না সেটাই ও অতি যত্নে করে দেখায়। কত অবলীলায় আমরা বলে ফেলি কর্মজীবন ও পরিবার একসঙ্গে সামলানো কঠিন, ও সেটা ভুল প্রমাণ করে দেখিয়েছে বার বার।’

মাদারীপুর–১ আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তন নতুন মুখ নাদিরা মিঠু

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম
মাদারীপুর–১ আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তন নতুন মুখ নাদিরা মিঠু

 

মাদারীপুর–১ আসনে দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনা ও অসন্তোষের জেরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন প্রার্থী চূড়ান্ত করে দলটি।

গত ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে মাদারীপুর–১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ প্রকাশ্যে ক্ষোভ জানান। এলাকায় প্রতিবাদ, মানববন্ধনসহ নানা কর্মসূচিতে মাঠপর্যায়ে অস্থিরতা সৃষ্টি হয়। পরিস্থিতি পর্যালোচনা করে অবশেষে মনোনয়ন পুনর্বিবেচনা করতে বাধ্য হয় বিএনপি।

বৃহস্পতিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনের নতুন প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানে মাদারীপুর–১ আসনে নতুন প্রার্থী হিসেবে উঠে আসে নাদিরা মিঠুর নাম।

নাদিরা মিঠু—শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী। বর্তমানে তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা ও সংগঠনশীলতার কারণে দীর্ঘদিন ধরেই তিনি আলোচনায় ছিলেন। এর আগেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার দিক থেকে নাদিরা মিঠুই এখন এই আসনে দলের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। তাঁদের আশা, তার নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর–১ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।

সুলেখা আক্তার শান্তা

মায়ের অদৃশ্য ছায়া

সুলেখা আক্তার শান্তা প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম
মায়ের অদৃশ্য ছায়া

সুলেখা আক্তার শান্তা: রান্না করছে মায়া। রান্না রেখে অন্যমনস্ক হয়ে এক ধ্যানে ভাবছে, কত মানুষ বাবার বাড়ি যায়, বেড়াতে যায়, নিজের চাওয়া–পাওয়ার কথা বলে বাবা–মাকে। কিন্তু তার তো কপালে বাবার বাড়ি নেই। সেই যে বিয়ের পর একবার বাবার বাড়ি থেকে এসেছে, আর যাওয়া হয়নি কোনোদিন। একটা খোঁজ-খবরও কেউ নেয়নি।
বাবা আছেন তার দ্বিতীয় সংসার নিয়ে। আর মাকে মায়া ছোটবেলায়ই হারিয়েছে। বাবা আর দাদির যন্ত্রণা সইতে না পেরে মা কলসি গলায় দিয়ে পানিতে ঝাঁপ দিয়েছে। দুনিয়া থেকে সে নিলো বিদায়। দাদি মরার আগে বুঝেছিলেন, সে আসলে মায়ার মাকে খুব কষ্ট দিয়েছেন। কিন্তু তখন বুঝে কি লাভ! মা তো তখন আর এই পৃথিবীতে নেই।
এদিকে চুলায় ভাত উথলে পড়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মনির এসে চিৎকার করে ওঠে, এই মায়া! এই মায়া! তোমার কী হয়েছে? চুলায় ভাত উতরে পড়ে!
মায়া চেতনায় ফিরে তাড়াতাড়ি চুলার দিকে লক্ষ্য করে।
না… কিছু না।
মনির বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তোমার রান্নায় এত দেরি হলো মায়া?
মায়া অসহায়ভাবে বলে, তুমি গোসল করে নাও, এর মধ্যে আমার সবকিছু হয়ে যাবে।
মনির আবার বলে, তাড়াতাড়ি করো। আমি খাওয়া–দাওয়া করে দোকানে যাব। তারপর দোকানের ছেলেটাকেও তো পাঠাতে হবে খেতে।
মায়া তাড়াতাড়ি রান্না শেষ করে মনিরকে খেতে দেয়। মনির গোসল সেরে এসে খেতে বসে। খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। বিশ্রাম শেষে সে দোকানের পথে বের হয়।
দোকানে গিয়ে বসতেই সে দুলালকে বলে, যা, বাসায় গিয়ে খেয়ে আয়। রাস্তায় দেরি করবি না। এদিক–ওদিক তাকাবি না। সোজা যাবি, সোজা আসবি।
দুলাল জানে তার মালিক খুব রাগী। একটুও দেরি হলেই ধমক খেতে হবে। তাই সে দেরি না করে দ্রুত খেয়ে সোজা দোকানে ফিরে আসে।

বৃদ্ধা জাহানারা লাঠি ভর দিয়ে মায়ার বাড়িতে আসে। মায়া তাকে বসতে দেয়, তারপর মমতা ভরে তাঁর মাথায় তেল দেয়, খাবার এগিয়ে দেয়। সঙ্গে কিছু চালও দিতে যায়।
কিন্তু জাহানারা হাত তুলে থামিয়ে দেন, না মা, এগুলো আমি নিতে পারব না। আমি রান্নাবাড়া করতে পারি না, চোখেও আর ঠিকমতো দেখি না। তুমি খাওয়াও, মাথায় তেল দিয়ে দাও—এটাই আমার জন্য অনেক, আর কিছু চাই না।
মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি তো আপনাকে একবেলা খাওয়াই, কিন্তু অন্যবেলায় কী খান?
জাহানারা হেসে বলে, এই তোমার মতো দুই–একজন দেয় তাই খাই। তিন বেলার জায়গায় এক বেলা খেলেই চলে। তুমি যে যত্ন করো, তাতেই মনে হয় আমি তোমার কত আপন।
মায়া মৃদু কণ্ঠে বলে, আপনি তো আমার আপনই। আপনার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। ছোটবেলায় মা চলে গেছে… আর আপনার মুখটা ঠিক আমার মায়ের মতো।
জাহানারা মায়ার কথা শুনে আবেগে বলেন, যদি আমার চেহারা তোমার মায়ের মতো হয়, তাহলে আমাকে তোমার মায়ের বোন মনে করো। তুমি আমাকে ‘মা’ বলে ডাকো।
মায়ার চোখ ভিজে ওঠে। হ্যাঁ মা, আমি আপনাকে ‘মা’ বলেই ডাকব। এখন আপনি বিশ্রাম নিন।
জাহানারা দাঁড়াতে গেলে মায়া আবার বলে, মা যখন বলেছি আপনাকে, তাহলে মেয়ে থাকতে মা রাস্তায় রাস্তায় ঘুরবে কেন? আজ থেকে আপনি আপনার মেয়ের বাড়িতেই থাকবেন।
জাহানারা কেঁপে ওঠেন, না মা, তা কী করে হয়! আমি আসব, তোমাকে দেখে যাব। কিন্তু থাকতে পারব না।
মায়া দৃঢ় গলায় বলে, না মা, আমি আপনার কোনো কথা শুনব না। আমি চাই আপনি আমার কাছেই থাকবেন। মেয়ের আবদারের কথা ফেলে দিতে পারেন না জাহানারা। তাই শেষ পর্যন্ত তিনি মায়ার বাড়িতেই থেকে যান।

মনির বাসায় এসে বৃদ্ধা জাহানারাকে দেখে। প্রথমে কিছু জিজ্ঞেস করে না। শুধু লক্ষ্য করে মায়া তাঁকে মায়ের মতো সেবা করছে। দিন কয়েক এভাবেই চলে।
একদিন আর নিজেকে ধরে রাখতে না পেরে মনির জিজ্ঞেস করে,
মায়া, এ কে? যাকে এত সেবা–যত্ন করছো?
মায়া ধীর গলায় বলে, সে আমার মা।
মনির বিস্মিত! তোমার মা? তোমার মা তো নেই এই পৃথিবীতে!
মায়া শান্তভাবে বলে, হ্যাঁ, রক্তের সম্পর্ক নেই তাঁর সঙ্গে। কিন্তু তাঁর কাছ থেকে আমি আমার মায়ের গন্ধ পাই। তাঁর মুখে আমার মায়ের চেহারার অনেক মিল দেখি। তাই তাঁকে মায়ের স্থান দিয়েছি।
মনির বিরক্ত হয়ে বলে, চেনা–জানা কেউ না, তাঁকে তুমি রাখতে চাও?
মায়া নির্ভার গলায় উত্তর দেয়, মা তো মা। তাঁকে আর কী চিনব!
জাহানারা মায়াকে বললেন, মা, তুমি আমাকে যে সেবা দাও… এক মুহূর্তের জন্যও মনে হয় না তুমি আমার মেয়ে নও।
মায়া মৃদু হেসে বলে, আমি তো আপনাকে মা-ই মানি। ছোটবেলায় মা হারিয়েছি, মায়ের আদর–ভালোবাসা পাইনি। আপনাকে ‘মা’ ডেকে সেই অভাবটা পূরণ করতে চাই।
জাহানারা মায়ার মাথায় হাত বুলিয়ে বলেন, ঠিক আছে মা, তোমার ‘মা’ ডাকার ইচ্ছে তুমি পূরণ করো। আমিও তোমাকে আমার মেয়ে-ই ভাবব।

সেদিন রান্না করতে দেরি হয়ে গেল মায়ার। আর সে ভীষণ ভয় পাচ্ছিল, স্বামী মনির এসে বকা দেবে। দুপুরে খেতে আসতেই মনির দেখে, এখনও রান্না হয়নি!
তাৎক্ষণিক রাগে তার মুখ লাল হয়ে যায়। হ্যাঁ, বাড়িতে কী করিস? সারাদিন থাকিস ওই ভিক্ষুক মহিলাকে নিয়ে বসে! আর আমি, তোর স্বামী, আমার দিকে কোনো খেয়াল নেই!
মায়া কাঁপা গলায় বলে, না, না, তুমি ভুল বুঝো না। তুমি বসো, আমি এখনই খাবার দিচ্ছি।
মনির রাগে ফুঁসতে থাকে।
তোর খাবার, তুই খা! ওই ভিক্ষুক মহিলাকে নিয়ে খা!
মায়া চোখ ভিজে বলে, এভাবে বোলো না। সে আমার মা। আমার মাকে নিয়ে কিছু বোলো না।
মনির চিৎকার করে ওঠে, কোথাকার কোন ভিক্ষুক মহিলা এসে ঘাড়ের ওপর উঠে বসেছে! আর তাঁকে তুমি ‘মা’ বানিয়ে ফেলেছ!
মায়া কাঁদতে থাকে। মনির গম্ভীর স্বরে বলে, এইটা আমার বাড়ি, আমার ঘর! আমি বলব, আর তুই শুনবি! থাকতে চাইলে থাক, চলে গেলে তোর ‘মা’ কে নিয়ে যা! মনির রাগে বলল, ভিক্ষুক মহিলাকে নিয়ে থাক তুই! বলে, বের হতে নেয় মনির।
মায়া স্বামীর কাছে এসে হাত–পায়ে ধরে। রাগ কোরো না। তুমি যেও না। একটু বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। তাড়াতাড়ি রান্না সেরে মায়া মনিরকে খেতে দেয়। মনির খেতে বসে। খেতে খেতে বলে, আর যেন এরকম দেরি না হয়!
মায়া মাথা নিচু করে উত্তর দেয়, আর দেরি হবে না।

আড়াল থেকে জাহানারা সব কথা শুনে ফেলেন। বুকটা যেন হুহু করে ওঠে তাঁর। “না… এখানে থেকে মেয়ের অশান্তি বাড়াতে পারি না, বলে চুপচাপ বেরিয়ে যান। কোনো কথা না বলেই।
মনির যতক্ষণ খায়, ততক্ষণ মায়া পাশে বসে থাকে। সে নিজে খায় না। মায়ের সঙ্গে খাবে বলে। মনির খাওয়া শেষে উঠে গেলে, মায়া মায়ের ঘরে যায়। কিন্তু ঘরে গিয়ে দেখে, মা নেই। চারদিকে খুঁজে পায় না।
আতঙ্কে কাঁপতে কাঁপতে ডাকতে থাকে।
মা! মা!
মনির এসে বিরক্ত গলায় বলে, এত ডাকাডাকি কিসের? দেখো, কোথাও তো আছে।
না… মাকে কোথাও পাচ্ছি না!
মনির মুখে বিরক্তি, না পেলে নাই। কোথাকার কে তাকে বানাইছ মা!
এই কথা বলো না! মায়া কান্নায় ভেঙে পড়ে।
মা… মা… কোথায় গেলে?
ঠিক তখন পাশের একজন এসে বলে, তোমার মাকে দেখলাম, লাঠি ভর দিয়ে ওইদিক দিয়ে চলে যেতে।
মায়া আর এক মুহূর্ত দেরি করে না। দৌড়ে ছুটে যায় সেই দিকে। কিন্তু… তাঁকে আর পাওয়া যায় না।

জাহানারার মনে পড়ে মায়ার কথা। “না, মেয়েটাকে আড়াল থেকে একবার দেখে আসি,” ভেবে লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মায়ার বাড়ির দিকে রওনা দেন। বাড়ির কাছে এসে তিনি থেমে যান। ভেতরে ঢোকার সাহস হয় না, শুধু আড়াল থেকে চুপিচুপি বাড়িটার দিকে তাকিয়ে থাকেন। মায়াকে খুঁজে দেখেন, কিন্তু চোখে পড়ে না। মনের ভেতর একটা ভয়, যদি মায়ার স্বামী তাঁকে দেখে ফেলে? আবার যদি মেয়েটার সংসারে অশান্তি লাগে? বলেন, “না, মা মরা মেয়েটা শান্তিতে থাকুক। আমার কারণে ওর জীবনে ঝড় বইতে দেব না। ওকে একবার দেখলে মনটা শান্ত হত… কিন্তু নিজের শান্তির জন্য মেয়ের অশান্তি বাড়ানো ঠিক না।” চোখ ভিজে ওঠে জাহানারার। হৃদয়ের সব টান, ব্যথা, আকুলতা একসঙ্গে জমাট বাঁধে।
শেষ পর্যন্ত নিঃশব্দ পায়ে ফিরে যান তিনি। মনের ভেতর মায়ার জন্য দগদগে ভালোবাসা নিয়ে।
মায়া চুপচাপ বসে কাঁদছিল—মায়ের জন্য মনটা ছটফট করছিল। ঠিক তখন পাশের বাড়ির মালিহা এসে বলে, তোমার মাকে দেখলাম!
আমার মা? মায়া অবাক হয়ে উঠে দাঁড়ায়।
হ্যাঁ, তোমার মা তোমার বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিল।
মায়া আর এক মুহূর্ত থেমে থাকে না। বাড়ির বাইরে ছুটে গিয়ে চারদিকে খোঁজে। কিন্তু মা নেই। কোথাও নেই।
এসময় পাশের আরও দু’জন বলে, হ্যাঁ, আমরাও দেখেছি। তোমার মাকে এদিকেই দেখছিলাম।
মায়ার বুকটা মোচড় দিয়ে ওঠে, মা… তুমি এসেছিলে? দেখা না করেই চলে গেলে?
চোখ ভেজা গলায় বলে, মা, সেদিনও তুমি কিছু না বলে বাড়ি থেকে চলে গেলে। আজ এলে, আবার গেলে, দেখা না করে।
আমি তো মায়ের ভালোবাসার কাঙাল…
মা, আমি শুধু তোমার একটু স্নেহ চাই…
মায়া আকাশের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কাঁদে। ফিরে এসো মা… ফিরে এসো।

সুলেখা আক্তার শান্তা

তাড়াশে সংঘর্ষে প্রেমিক নিহত প্রেমিকার দুই ভাই গ্রেফতার

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম
তাড়াশে সংঘর্ষে প্রেমিক নিহত প্রেমিকার দুই ভাই গ্রেফতার

উজ্জ্বল বাংলাদেশ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিকার দুই ভাই আমির হোসেন (৪০) ও নুরুল হক (২৭)–কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর পাড়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার দেশীগ্রাম উত্তরপাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুন (৩৫) এবং পার্শ্ববর্তী কানপুরপাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল আয়নাল হক প্রেমিকা সাকিরুন খাতুনের ঘরে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে সাকিরুনের বাবা, ভাইসহ প্রতিবেশীরা তাকে আটক করে বেধড়ক মারধর করেন।

পরে গুরুতর আহত অবস্থায় নিজের স্বজনদের সঙ্গে নিয়ে আয়নাল আবারও সাকিরুনের বাড়িতে গেলে দ্বিতীয় দফা সংঘর্ষ বাধে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সাকিরুন খাতুনের দুই ভাইকে গ্রেফতার করে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে