আবুল কালাম আজাদ, ময়মনসিংহ
গফরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম এবং সমমান পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁওয়ের কৃতি সন্তান প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আ খ ম কামরুল হাসান, পরীক্ষা উপনিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
সভায় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম।
সভায় উপজেলার ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও অধ্যক্ষরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
তিনি বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক ও প্রশাসনের যৌথ উদ্যোগের বিকল্প নেই। সুষ্ঠু ও ন্যায়সঙ্গত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবার আন্তরিক ভূমিকা প্রয়োজন।”
সভায় অতিথিরা পরীক্ষার শৃঙ্খলা রক্ষা, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীলতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।















