গফরগাঁওয়ে লালু মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য নাজিম উদ্দিন লালু মেম্বারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে গত ২৩ আগস্ট শনিবার আওয়ামী লীগের দোসররা মিথ্যা ও সাজানো মানববন্ধনের আয়োজন করে।
এর প্রতিবাদে রবিবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় নিগুয়ারি ইউনিয়নের মহিষ মাতান বাজারে বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ওয়াদুদ মণ্ডল, পাগলা থানা ছাত্রদলের সদস্য এম কে আল আমিন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুব নেতা বকুল মিয়া এবং পাগলা থানা মানবাধিকার সংস্হার সভাপতি জাহাঙ্গীর আলম।
বক্তারা অভিযোগ করে বলেন, যারা লালু মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করেছে তারা একসময় বিএনপির রাজনীতি করলেও গত সতেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে আতাত করে আওয়ামী লীগে যোগদান করেছে। তাদের ছবি আওয়ামী লীগের বিভিন্ন সভা ও মিছিলে পাওয়া যায়। তাদের মধ্যে রয়েছেন—মোজাম্মেল হক মৃধা, মোস্তাক মৃধা, শাহজাহান মিয়া, আলী আকবর আশরাফুল আলম মানিক, ফয়সাল রানা, তোফাজ্জল হোসেন মানিক, আব্দুল হামিদ, সফিকুল ইসলাম মৃধা ও আতিকুল মৃধা।
বক্তারা আরও বলেন, বর্তমানে এরা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন চাঁদাবাজি, ফিসারি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। এ সময় তারা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট দাবি জানান—এই অপকর্মে জড়িত ব্যক্তিদের দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক।














