দর্শনা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামের এক পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। উদ্ধারকৃত এই স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৭ লক্ষ ৮৯ হাজার ১৬০ টাকা।
বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়কের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি চৌকস টহলদল। ভোরবেলায় একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে সীমান্ত অভিমুখে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।
আটককৃত ব্যক্তি দর্শনা মোবারকপাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে মোঃ আলমগীর খান (৫৫)। আটকের পর উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কোমরে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ১.১৬৬ কেজি স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২,৪৭,৮৯,১৬০/- (দুই কোটি সাতচল্লিশ লক্ষ ঊননব্বই হাজার একশত ষাট) টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।











