ইয়াবা গিলে অচেতন যুবক
বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের অভিযানের সময় ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশে পানহাট সংলগ্ন নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁকে দেখে সন্দেহ হলে দাঁড়াতে বললে সানোয়ার হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁকে আটক করা হয়। আটক হওয়ার পর নিজের কাছে থাকা ১০–১২টি ইয়াবা চিবিয়ে গিলে ফেলেন তিনি। কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁর দেহ তল্লাশি করে আরও ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁকে পুলিশ পাহারায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সানোয়ার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আজ সোমবার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।











