শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

গোসলের টিপস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:২৬ পিএম | 56 বার পড়া হয়েছে
গোসলের টিপস

তীব্র দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন এক বালতি শীতল পানিতে গোসল বা শাওয়ারের নিচে কিছুক্ষণ দাঁড়ানোটাই যেন বড় স্বস্তির বিষয়। তবে আপনি কি জানেন, ভুল পদ্ধতিতে গোসল করলে তা আপনার ত্বক ও চুলের বারোটা বাজিয়ে দিতে পারে? গ্রীষ্মের তাপে শুধু যে আমাদের শরীর ঘামে, তা-ই নয়; বরং আমাদের বাসাবাড়িতে সরবরাহ করা পানিতে খনিজ উপাদান ও লবণের মাত্রাও বেড়ে যায়। ফলে শীত বা বর্ষার গোসলের নিয়ম গরমে অকার্যকর হয়ে পড়ে। তাই এই তীব্র গরমে ত্বক ও চুল থেকে সতেজ এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখতে আপনার গোসলের রুটিনে আনা চাই কিছু পরিবর্তন।

স্বাভাবিক বা কুসুম গরম পানিতে গোসল

অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করলে শরীরের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায় এবং ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই গরমকালে শীতল বা কুসুম গরম পানি দিয়ে গোসল করুন। শীতল পানি ত্বকের চুলকানি কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে আপনি দীর্ঘক্ষণ সতেজ অনুভব করবেন এবং এটি আপনার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতেও সাহায্য করবে।

ছবি: পেক্সেলস
ছবি: পেক্সেলস

রাতে ঘুমানোর আগে গোসল করুন

সারা দিনের ঘাম, ধুলাবালি আর ময়লা মিলে আমাদের ত্বকের রোমকূপগুলো বন্ধ করে দেয়। ফলে ত্বক স্বাভাবিকের চেয়ে ভারী, আঠালো ও অস্বস্তিকর হয়ে ওঠে। রাতে ঘুমানোর আগে একবার গোসল করে নিলে রোমকূপগুলো উন্মুক্ত হয় এবং মাংসপেশি শিথিল হয়। এ ছাড়া হালকা স্ক্রাবিং ত্বকের মরা কোষ দূর করে আপনাকে সতেজ অনুভব করাবে, যা সারা দিনের ক্লান্তি কাটিয়ে গভীর ও প্রশান্তিদায়ক ঘুমে দারুণ সাহায্য করবে।

গোসলের পানিতে সুগন্ধি তেল ব্যবহার করুন

সারা দিনের ক্লান্তি দূর করতে অ্যারোমাথেরাপি বা সুগন্ধি তেলের ব্যবহার খুবই চমৎকার কাজ করে। গোসলের পানিতে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে নিতে পারেন। এই সুগন্ধি আপনার মন শান্ত করার পাশাপাশি ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। এটি মানসিক চাপ কমিয়ে শরীর চাঙা করে তুলবে।

ছবি: পেক্সেলস
ছবি: পেক্সেলস

বারবার গোসল এড়িয়ে চলুন

প্রচণ্ড গরমে বারবার গোসলের ইচ্ছা হওয়াটা স্বাভাবিক। তবে বারবার গোসল করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর বা স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়। দিনে একবার ভালো করে গোসল করাই যথেষ্ট। যদি খুব বেশি গরম লাগে, তবে বারবার সাবান ব্যবহার না করে শুধু সাধারণ পানি দিয়ে শরীর ধুয়ে নিতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

পানির গুণমান নিশ্চিত করুন

গ্রীষ্মকালে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিতে লবণ ও খনিজের পরিমাণ বেড়ে যায়। এই হার্ড ওয়াটার বা খড় পানি চুল পড়ার অন্যতম প্রধান কারণ। এটি ত্বকও খসখসে করে দেয় এবং শ্যাম্পু ও সাবানের কার্যকারিতা কমিয়ে দেয়। তাই সম্ভব হলে শাওয়ার ফিল্টার বা ওয়াটার সফটনার ব্যবহার করুন। পরিষ্কার পানি ত্বক ও চুলের অকালে ক্ষতি রোধে বেশি কার্যকর।

ত্বকের স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন

গরমকালে ত্বকের ওপর মৃত কোষের স্তর জমে যায়, যা থেকে ব্রণ ও র‍্যাশ হতে পারে। তাই সপ্তাহে অন্তত একবার বা দুবার স্ক্রাব করে ত্বক পরিষ্কার করুন। তবে খেয়াল রাখবেন, যেন অতিরিক্ত স্ক্রাবিং না হয়। কারণ, এতে ত্বক জ্বালাপোড়া করতে পারে। গোসলের আগে মাথার ত্বক হালকা করে ব্রাশ করে নিলে খুশকির সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। গোসল শুধু শরীর পরিষ্কার করার মাধ্যম নয়, এটি নিজেকে সতেজ রাখার প্রক্রিয়াও বটে। সঠিক নিয়মে গোসল করলে আপনি যেমন তপ্ত গরমে আরাম পাবেন, তেমনি আপনার ত্বক ও চুল সুন্দর হয়ে উঠবে। মনে রাখবেন, ভালো ত্বক ও চুলের শুরুটা হয় সঠিক পানির ব্যবহার এবং স্বাস্থ্যকর গোসলের অভ্যাস থেকে। তাই এই গরমে গোসলের ব্যাপারে সচেতন থাকুন। তাতে সতেজ থাকতে পারবেন দিনভর।

সূত্র: ওয়াটার সায়েন্স ও অন্যান্য

চট্টগ্রামের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, চকবাজারে মলম পার্টির সদস্য আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম
চট্টগ্রামের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, চকবাজারে মলম পার্টির সদস্য আটক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির এক সদস্যকে লুণ্ঠিত টাকাসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন— কুমিল্লার তিতাস থানার মো. আনোয়ার (২৭), চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মো. হৃদয় (২৭) এবং কুমিল্লার মুরাদনগর থানার আক্তার হোসেন (৩০)। বর্তমানে তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, চকবাজার থানা পুলিশ পৃথক অভিযানে মলম পার্টির সদস্য বেলাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল বিকেলে চকবাজার থানার ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সামনে থেকে বাঁধন সরকার (২৭) নামে এক ব্যক্তিকে বুদ্ধিনাশক পদার্থ ব্যবহার করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় বেলাল ও তার সহযোগীরা।
এ ঘটনায় ভুক্তভোগী বাঁধন সরকার চকবাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে হালিশহর থানার রঙ্গীপাড়া এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল জানিয়েছে, তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় চেতনানাশক স্কোপোলামিন ব্যবহার করে সাধারণ মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ জানান, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:(আহমদ রেজা) প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম
নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার কর্তৃক ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং খেলাধুলা সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে জোন কমান্ডার উক্ত বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ভাল ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। পরবর্তীতে নানিয়ারচর জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ছাত্র-ছাত্রীদের ইনডোর খেলাধুলা মান উন্নয়নের জন্য ক্যারাম বোর্ড প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, ডাম্পার ট্রাক জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ পিএম
বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, ডাম্পার ট্রাক জব্দ

 

 

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কেটে মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে। একই সঙ্গে পাহাড় কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর বিকল করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় গড়ে ওঠা জেবিএম ও এএসসি নামের দুটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন।
অভিযানের সময় ঘটনাস্থলে পাহাড় কাটার একাধিক আলামত পাওয়া গেলেও জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকা একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয় এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর বিকল করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, “ঘটনাস্থলে বেশ কয়েকটি পাহাড় কাটার স্পষ্ট আলামত পাওয়া গেছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে জেলা এনএসআই চট্টগ্রামের কর্মকর্তা আনোয়ার হোসেন এবং বাঁশখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা কালে উপজেলা সহকারী প্রশাসন(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানি ়়আকন পাহাড় কাটা সহ জমির টপ সয়েল কাটা এবং মাদক, জুয়া, ইভটিজিং সহ সামাজিক যেকোন অপরাধের বিরোদ্ধে সাধারন জনগণের সচেতনতা কামনা করে বলেন, যেকোন সামাজিক অপরাধ নাগরিকদের দৃষ্ঠিগোচর হওয়ার সাথে সাথে প্রশাসনকে অবহিত করা উচিত। জনগনের সচেতনতা ও সহযোগিতা ছাড়া সামাজিক অপরাধ কমিয়ে ়আনা দুরহ ব্যাপার।
বিশেষজ্ঞদের মতে, অবৈধভাবে পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি পাহাড়ি বনাঞ্চল ধ্বংস হওয়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং স্থানীয় পরিবেশে বিরূপ প্রভাব পড়ে।
এছাড়া পাহাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার ফলে আশপাশের বসতি ও সড়ক অবকাঠামো ঝুঁকির মুখে পড়ে এবং বৃষ্টিপাতের সময় আকস্মিক বন্যা ও ভূমিধসের সম্ভাবনাও বাড়ে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অপরাধ বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানানো হয়েছে।

error: Content is protected !!