শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

লেখক : প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

আজ বিশ্ব হোমিওপ্যাথি দিবস: র‍্যালি, সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:১৭ পিএম | 52 বার পড়া হয়েছে
আজ বিশ্ব হোমিওপ্যাথি দিবস: র‍্যালি, সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

আজ ১০ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হচ্ছে World Homeopathy Day। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির জনক জার্মান চিকিৎসক Samuel Hahnemann-এর জন্মবার্ষিকী স্মরণে প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয়।

১৭৫৫ সালের এই দিনে জার্মানির মাইসেন শহরে জন্মগ্রহণ করেন ড. হ্যানিম্যান। তিনি চিকিৎসা বিজ্ঞানে নতুন এক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন এবং হোমিওপ্যাথি নামের বিকল্প চিকিৎসা পদ্ধতির ভিত্তি স্থাপন করেন। তাঁর উদ্ভাবিত চিকিৎসা নীতির মূল কথা ছিল “সমরূপ দ্বারা সমরূপ নিরাময়”—অর্থাৎ যে উপাদান সুস্থ মানুষের শরীরে নির্দিষ্ট উপসর্গ সৃষ্টি করতে পারে, সেটির অত্যন্ত ক্ষুদ্র মাত্রা একই ধরনের রোগ নিরাময়ে ব্যবহার করা সম্ভব।

বিশ্বের বিভিন্ন দেশে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আজ ব্যাপকভাবে প্রচলিত। দিনটি উপলক্ষে নানা দেশে সেমিনার, বৈজ্ঞানিক আলোচনা, র‍্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। চিকিৎসক ও গবেষকরা এদিন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির উন্নয়ন, গবেষণা এবং সঠিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন হোমিওপ্যাথি সংগঠন ও চিকিৎসক সমিতি আলোচনা সভা, র‍্যালি এবং বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে থাকে। এতে হোমিওপ্যাথি চিকিৎসার কার্যকারিতা, নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম হওয়ায় এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্বের অনেক মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। ফলে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

হোমিওপ্যাথি দিবস উপলক্ষে সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে গবেষণা, শিক্ষা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই চিকিৎসা পদ্ধতি আরও সমৃদ্ধ হবে।

লেখক : প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের
শিক্ষক, সাংবাদিক, হোমিওপ্যাথিক চিকিৎসক, কবি, উপন্যাসিক, কলামিস্ট ও গবেষক।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু,পরিবারের আহাজারি

মো. আরফান আলী : প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু,পরিবারের আহাজারি

 

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক প্রবাসী যুবক। নিহত সোহান গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জোহানেসবার্গের কাছাকাছি কেতলেহং এলাকায় এই মর্মান্তিক ঘটনার শিকার হন। শোকাহত পরিবার দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে।

জানা গেছে, সোহান রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের বাসিন্দা দুলাল হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়ে একটি মুদি দোকানে কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় তিনি দোকানে কর্মরত ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক পেছনের দিকে গেলে আগে থেকেই লুকিয়ে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহান।

নিহতের স্বজনদের ভাষ্য, সংসারের হাল ধরার আশায় ধার-দেনা করে তাকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু এমন অপ্রত্যাশিত মৃত্যুর খবর পরিবারকে শোকাহত করে তুলেছে। হত্যার পেছনের কারণ এখনো পরিষ্কার নয়।

সোহানের মামা মহরম আলী মিঠু বলেন, “সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ—যত দ্রুত সম্ভব তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।”

এদিকে, নিহতের বাবা-মা আবেগঘন কণ্ঠে বলেন, “ছেলেকে আর ফিরে পাব না, অন্তত তার মরদেহটা যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি।”

স্থানীয়দের মতে, সোহান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও দ্রুত সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

চট্টগ্রামের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, চকবাজারে মলম পার্টির সদস্য আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম
চট্টগ্রামের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, চকবাজারে মলম পার্টির সদস্য আটক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির এক সদস্যকে লুণ্ঠিত টাকাসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন— কুমিল্লার তিতাস থানার মো. আনোয়ার (২৭), চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মো. হৃদয় (২৭) এবং কুমিল্লার মুরাদনগর থানার আক্তার হোসেন (৩০)। বর্তমানে তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, চকবাজার থানা পুলিশ পৃথক অভিযানে মলম পার্টির সদস্য বেলাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল বিকেলে চকবাজার থানার ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সামনে থেকে বাঁধন সরকার (২৭) নামে এক ব্যক্তিকে বুদ্ধিনাশক পদার্থ ব্যবহার করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় বেলাল ও তার সহযোগীরা।
এ ঘটনায় ভুক্তভোগী বাঁধন সরকার চকবাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে হালিশহর থানার রঙ্গীপাড়া এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল জানিয়েছে, তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় চেতনানাশক স্কোপোলামিন ব্যবহার করে সাধারণ মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ জানান, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:(আহমদ রেজা) প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম
নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার কর্তৃক ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং খেলাধুলা সামগ্রী বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে জোন কমান্ডার উক্ত বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ভাল ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। পরবর্তীতে নানিয়ারচর জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ছাত্র-ছাত্রীদের ইনডোর খেলাধুলা মান উন্নয়নের জন্য ক্যারাম বোর্ড প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

error: Content is protected !!