আশুলিয়া প্রতিনিধি
আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে আশুলিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) পবিত্র রমজানের ২৪তম দিনে ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় রূপায়ন-ভুঁইয়া এপোরিয়াম শপিং মলের (৩য় তলা) ৩১১ নং কক্ষে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আশুলিয়ার পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় ইফতার অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক অঙ্গীকার। এ সময় তিনি সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঐক্য ও সততা। তিনি বলেন, “একজন সাংবাদিকের কলম যখন সত্যের পক্ষে চলে, তখন সেটি সমাজের জন্য আলোর দিশা হয়ে ওঠে। আর যখন সাংবাদিকরা বিভক্ত হয়ে পড়ে, তখন সত্যের কণ্ঠস্বর দুর্বল হয়ে যায়।” তিনি আরও বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। সাংবাদিকদেরও উচিত এই মূল্যবোধ ধারণ করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও মনোযোগী হওয়া। তিনি আশুলিয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান (লিটন)। তিনি বলেন, সাংবাদিকতার পরিচয় কোনো পদবী বা সংগঠনের মাধ্যমে নির্ধারিত হয় না; বরং একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার সংবাদ পরিবেশনের মান, দায়িত্ববোধ এবং পেশাগত সততার মাধ্যমে। তিনি বলেন, “সংবাদপত্র, টেলিভিশন বা অনলাইন—যে মাধ্যমেই কাজ করি না কেন, আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত—সত্য তুলে ধরা।” তিনি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে আরও শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরী, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জাকির আহমেদ জীবন, ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম হোসেন মোহাম্মদ রিজভী, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম। বক্তারা সাংবাদিক সমাজের পেশাগত উন্নয়ন, নৈতিকতা বজায় রাখা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন, নাজমুল ইসলাম, মোকাম্মেল মোল্লা সাগর, শাকিল শেখ, মোফাজ্জল হোসেন রাজু, আল-আমিন ভুঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. ফরিদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল ভুঁইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে অর্ধশতাধিক রোজাদারের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
রমজানের পবিত্র পরিবেশে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আশুলিয়ার সাংবাদিক সমাজ এভাবে একত্রিত হয়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।














