হেমনগর ইউনিয়নের ফুলবাড়ি ৬নং ওয়ার্ডে উঠান বৈঠকে ডা. সাফওয়াত বিনতে সালাম সাবা
টাঙ্গাইল গোপালপুর উপজেলায় হেমনগর ইউনিয়নের ফুলবাড়ি ৬নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডা. সাফওয়াত বিনতে সালাম সাবা।
উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। ডা. সাবা তাঁর বক্তব্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা, উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার সার্বিক অগ্রগতির বিষয় তুলে ধরেন। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠন সম্ভব।
তিনি তাঁর পিতা, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর রাজনৈতিক অঙ্গীকার ও এলাকার উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের মতামত মনোযোগ দিয়ে শোনেন।
বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।











