মৃত্যুটা হোক সম্মানের
তোমার নিজের একটা নাম পরিচয় থাকুক।
নিজের একটা আশ্রয় কিংবা ঠিকানা থাকুক।
আর ঐটুকু তৈরি করার জন্য তোমার চোখের কোনে স্বপ্ন জাগুক।
আর সেই স্বপ্ন পূরণ করার জন্য, তোমার ভিতরটা গুমরে উঠুক!
নিজ বলয়ের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন শেষে; একটু সময় কিংবা পরিশ্রম নিজের জন্য থাকুক।
তুমি পরিস্ফুটিত হয়ে ওঠো
তোমার মেধার বিকাশ হোক
তুমি আলো জ্বালো কিংবা
আলোয় হেঁটে চলো গন্তব্যে।
জানি অধিকাংশ মানুষ সেটা চাইবে না।
কারণ; তুমি বাঙালি কন্যা, কিংবা বধু।
তুমি নত থাকবে, তাদের পায়ের নিচে মাথা খুটবে, তাদের জন্য বিলাবে তোমার সমস্ত শ্রম, জীবন,যৌবন।
তারপর আঘাত পেতে পেতে একদিন অমুকের মা ,বোন, কন্যা কিংবা স্ত্রী হয়েই পাড়ি দেবে পরপারে।
তোমার ক্ষেত্রে বদলে যাক সবকিছু।
তুমি শিক্ষিত হও, যোগ্য হও, সচেতন হও এবং সাবলম্বী হও। পৃথিবীর বুকে মাথা উঁচু করে বেঁচে থাকো। মৃত্যুটা ও হোক সম্মানের।











