মজাদার চিংড়ি ভুনা
অনেকেই চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করেন। বাসায় প্রায়ই রান্না হয় চিংড়ির বিভিন্ন রেসিপি। ভোজনপ্রিয়রা রান্না করতে পারেন লোভনীয় স্বাদের চিংড়ি ভুনা। রেসিপিটি দিয়েছেন মডেল – অভিনেত্রী মুক্তা হাসান। তো, আসুন জেনে নেওয়া যাক চিংড়ি ভুনার রেসিপিটি।
উপকরণ :
ছয়টি মাঝারি আকারের চিংড়ি, তিন টেবিল চামচ সরষের তেল, দুই টেবিলচামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, দু’টি কাঁচা মরিচ,এক টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া।
রান্নার প্রণালি :
কড়াইতে সরষের তেল দিয়ে গরম করুন। ধোঁয়া উঠলে তাতে কেটে বেছে নেওয়া চিংড়ি মাছ ছেড়ে দিন। অল্প ভেজে মাছগুলো তুলে ফেলুন। পরে কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলেই পেঁয়াজ বাটা দিয়ে দিন। কষতে কষতে সুগন্ধ উঠলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। মশলা কিছু সময় কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে পেস্ট তৈরি করে রাখা গুঁড়া মশলা তাতে দিয়ে দিন।
এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিন। মশলা তেল ছাড়তে শুরু করলে বোঝা যাবে কষানো হয়ে গেছে। তখন চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। সবশেষে আরও কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেন। রান্না ভালো মতো হয়ে গেলে গরম মশলার গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। এটি ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে ভারি মজা।

















