মুক্তা হাসানের রেসিপিতে হাঁসের মাংস
শীতে হাঁসের মাংসের স্বাদ ভীষণ মজাদার। হাঁসের মাংস দিয়ে তৈরি করা যায় নানা মজার পদ। আজ রইলো হাঁসের মাংস ভুনার রেসিপি। রেসিপিটি দিয়েছেন মডেল – অভিনেত্রী মুক্তা হাসান। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ : হাঁসের মাংস ২ কেজি, পিঁয়াজ কুচি ২ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, তেজপাতা দুটি, এলাচ ৫টি, লবঙ্গ ৪টি, দারুচিনি দুই টুকরো, আস্ত গোলমরিচ ১০টি, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, শুকনো মরিচ বাটা দেড় টেবিল চামচ, সরিষার তেল পরিমাণমতো, সয়াবিন তেল পরিমাণমতো, আস্ত কাঁচামরিচ চার-পাঁচটি, সবশেষে গরম পানি ২ কাপ এবং লবণ স্বাদমতো।
রান্নার প্রণালি :
হাঁস চামড়াসহ টুকরা করে নিন। একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আস্ত গরম মসলা দিয়ে এক মিনিট ভেজে পিঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার সব মসলা দিয়ে কষাতে হবে।
মসলা কষানো হলে তাতে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিনিট পনেরো এভাবে কষান। এরপর গরম পানি আর লবণ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে ঢেকে সিদ্ধ হতে দিন।
মাংস সিদ্ধ হয়ে এলে গরম মসলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

















