আহসান হাবিব শিবলু, বগুড়া
গাবতলী চকসদু আত-তাক্বওয়া মডেল মাদরাসায় ছাত্রদের হাতে পবিত্র কুরআন প্রদান
বগুড়ার গাবতলী উপজেলার চকসদু আত-তাক্বওয়া মডেল মাদরাসায় ছাত্রদের হাতে পবিত্র কুরআন প্রদান ও সার্বিক উন্নয়নকল্পে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫ ইং) বাদ জুম’আ মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আতাউল্লাহ নিজামী, মুঈনে মুহতামিম, জামিল মাদরাসা, বগুড়া। তিনি বলেন, যে সমাজে কুরআনের চর্চা বৃদ্ধি পায়, সে সমাজ কখনো অন্ধকারে নিমজ্জিত হতে পারে না। কুরআনের শিক্ষা মানুষকে আলোর পথে পরিচালিত করে।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মিকাইল হোসেন বলেন,চকসদু আত-তাক্বওয়া মডেল মাদরাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো—নবীন প্রজন্মকে ইসলামি শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। আজ আমরা ছাত্রদের হাতে পবিত্র কুরআন তুলে দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর দরবারে।তিনি আরও বলেন,এই মাদরাসার উন্নয়ন ও ছাত্রদের কল্যাণে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা প্রয়োজন। যারা আল্লাহর পথে দান করবেন, তাঁদের এই দান হবে আখিরাতের পাথেয়। সমাজের বিত্তবান ও কল্যাণপ্রেমী সকলকে মাদরাসার সার্বিক উন্নয়নে অংশগ্রহণের অনুরোধ জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (ফটু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এম. রশিদ (আতাউর), সহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড; মোঃ শামসুল হক, কোষাধ্যক্ষ; এবং মোঃ আব্দুল হক।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মিকাইল হোসেন।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








