সিনেমাটি যেন অস্কারে মনোনয়নও পায়, ‘বাড়ির নাম শাহানা’ নিয়ে মেহজাবীন
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) এ বছর বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন নির্মাতা লীসা গাজীর সিনেমা ‘বাড়ির নাম শাহানা’।
এ বছর পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল; ছবিগুলো হলো—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটিকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।
এর বাইরে ‘সাবা’ সিনেমাটি নিয়েও আলোচনা হয়েছে। এটি নির্বাচিত না করায় নির্মাতা আদনান আল রাজীবসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন। তরুণ নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
তবে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন মেহজাবীন চৌধুরী। মাছরাঙা টেলিভিশনের ‘বিনোদন সারাদিন’ শোতে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, ‘সাবা’ চলচ্চিত্রটি বাংলাদেশ থেকে অস্কারে প্রতিনিধিত্ব করছে না, বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে—এটা নিয়ে আপনার কী বক্তব্য?—উত্তরে মেহজাবীন চৌধুরী বলেন, ‘এটা নিয়ে আসলে আমার কোনো কমেন্ট (মন্তব্য) নেই। বিকজ (কারণ) এখানে বাংলাদেশকে যেহেতু রিপ্রেজেন্ট (তুলে ধরা) করার ব্যাপার এখানে, বেস্ট ফিল্মটা (সেরা সিনেমা) রিপ্রেজেন্ট করুক। জুরি মেম্বারটা (বিচারকেরা) মনে করেছেন, “বাড়ির নাম শাহানা” সিনেমাটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আই অ্যাম ভেরি মাচ ওকে উইথ দ্য ডিসিশন (আমি সিদ্ধান্তটা মেনে নিয়েছি)।’











