শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ঝিনাইগাতীতে বিএনপির সাংগঠনিক কর্মশালায় নেতাকর্মীদের মিলনমেলা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৩:৪৫ পিএম | 169 বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে বিএনপির সাংগঠনিক কর্মশালায় নেতাকর্মীদের মিলনমেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল বলেছেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে বিএনপি। বিগত ১৬ বছরে সবচেয়ে বেশি মামলা হামলার শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। দেশের জন্য মানুষের জন্য ও গনতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে ঘুম, খুন ও হাজার হাজার মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়িয়েছে। এই নেতাকর্মীদের সামনে মূল্যায়ন করতে হবে। বর্তমানে পাঁচ আগষ্টের পরে অনেকেই দলে এসে বিপ্লবী সেজে পদ দখলের চেষ্টা করছে। কিন্তু এটা হতে দেয়া হবেনা। তিনি বলেন, অনেকেই বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনাব মাহমুদুল হক রুবেল আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়।” তিনি আরও বলেন, “একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”মাহমুদুল হক রুবেল শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে আলোচনা সভা ও দিনব্যাপী কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।৪ জুলাই শুক্রবার বেলা ১১টায় ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই কর্মশালা শুরু হয়।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক শাহ্জাহান আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় কর্মী সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন হাতিবান্দা, মালিঝিকান্দা ও গৌরিপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা আওয়ামীলীগের আমলে তাদের সাথে সংঘঠিত অতীতের দু:সহ স্মৃতিচারণ করেন। মামলা, হামলা ও জেল জীবনের কথা বলেন। আগামীদিনে বিএনপির সাংগঠনিক গতি বৃদ্ধি ও আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার বিষয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মো. আব্দুর রশিদ, মো. ছাইদুল হক, মো. আব্দুল মান্নান হীরা, মো. আতাউর রহমান, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মুমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী বেলাল, হাতীবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আক্রাম হোসেন প্রমুখ।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

পোরশায় সড়কে রশি টেনে ডাকাতি: বাবা-ছেলেসহ ৪ ডাকাত গ্রেফতার

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম
পোরশায় সড়কে রশি টেনে ডাকাতি: বাবা-ছেলেসহ ৪ ডাকাত গ্রেফতার

নওগাঁর পোরশা উপজেলায় সড়কে রশি টেনে সংঘটিত ডাকাতির ঘটনায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন— সাপাহার উপজেলার খোট্টাপাড়া গ্রামের আবু তাহের (৫৬) ও তাঁর ছেলে কামাল হোসেন (২৩), নওগাঁ সদর উপজেলার দোগাছী দক্ষিণপাড়া গ্রামের গোলাম মোস্তফা (৫৫) এবং মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মোস্তাক আহমেদ (৪৬)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী-খাট্টাপাড়া ফকিরের মোড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলটি একটি সেতুর ওপর রশি টেনে ছয়জন আরোহীসহ দুটি মোটরসাইকেলের পথরোধ করে। পরে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং ১২৫ সিসির দুটি ডিসকভার মোটরসাইকেল লুটে নেয়।

ডাকাতরা ভুক্তভোগীদের পাশের একটি আম বাগানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। এ ঘটনায় পরদিন পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার জানান, মামলার তদন্তে নেমে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তথ্যপ্রযুক্তি ও এআই ব্যবহার করে মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করে। পরবর্তীতে নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে গোলাম মোস্তফার বিরুদ্ধে মাদক ও দ্রুত বিচার আইনে দুটি, আবু তাহেরের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ পাঁচটি, কামাল হোসেনের বিরুদ্ধে দুটি এবং মোস্তাক আহমেদের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ আটটি মামলা চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলন শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোরে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

মো: রাজিবুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:০৩ পিএম
নাটোরে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে নাটোর সদর থানাধীন চকরামপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাসেম শেখের ছেলে লিটন শেখ (৪২) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছাতিয়ানগাছা মন্ডলপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের চকরামপুর এলাকায় ইসলামিয়া পচুর হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী শাহী ক্লাসিক (ঢাকা মেট্রো-ব-১৪-৫৩৫৭) নামের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রীর কাছে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন।

এ ঘটনায় পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মো: রাজিবুল ইসলাম বাবু
বিশেষ প্রতিনিধি
নাটোর।
০১৩১০-৩২১ ৩০৬.
০১৭৪০-৮১৫ ৫০৬.
৩ এপ্রিল ২০২৬.

error: Content is protected !!