মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

হাঙ্গেরির নির্বাচনে অরবানের শোচনীয় হার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:২৬ এএম | 34 বার পড়া হয়েছে
হাঙ্গেরির নির্বাচনে অরবানের শোচনীয় হার

হাঙ্গেরির প্রবীণ জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবান গতকাল রোববারের জাতীয় নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা হারিয়েছেন। টানা ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার পর তিনি হেরে যান তুলনামূলক নবীন মধ্য-ডানপন্থী টিসা পার্টির কাছে। এই ফলাফল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ৬২ বছর বয়সী অরবান ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রক্ষণশীলদের কাছে ‘ই–লিবারেল’ বা অনুদার গণতন্ত্রের মডেলের রূপকার হিসেবে প্রশংসিত ছিলেন। ভোটাররা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক স্থবিরতা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং ধনকুবেরদের সম্পদ সঞ্চয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন—এ কারণেই অরবানের এই বিশাল হার।

এই ভরাডুবির ফলে টিসা পার্টির নেতা পিটার ম্যাগিয়ার হাঙ্গেরির ১৯৯ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। এর ফলে, হাঙ্গেরির তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কারের পথ খুলে গেল। ইউরোপীয় ইউনিয়নের সমালোচকেরা অরবানের বিরুদ্ধে গণতান্ত্রিক নিয়মকে দুর্বল করার অভিযোগ করেছিলেন।

প্রায় সব ভোট গণনা শেষে দেখা যায়, টিসা পার্টি ১৩৮টি আসন পেতে যাচ্ছে, যা ম্যাগিয়ারের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে। রোববারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার অংশগ্রহণ করেন, যা প্রমাণ করে যে বহু হাঙ্গেরিয়ান এই নির্বাচনকে দেশের জন্য এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখেছেন।

নির্বাচনটিকে ম্যাগিয়ার ‘পূর্ব ও পশ্চিমের মধ্যে সেরা পছন্দ’ হিসেবে তুলে ধরেছিলেন। তিনি সতর্ক করেছিলেন, ব্রাসেলসের সঙ্গে অরবানের সংঘাতপূর্ণ অবস্থান দেশটিকে ইউরোপীয় মূলধারা থেকে আরও দূরে ঠেলে দেবে। অন্যদিকে অরবান দাবি করেন, টিসা পার্টি হাঙ্গেরিকে রাশিয়ার সঙ্গে অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়ে ফেলবে। তবে ম্যাগিয়ার এই দাবি অস্বীকার করেন। নিজ দল ফিদেজ পার্টির কার্যালয়ে অরবান বলেন, ‘এই নির্বাচনের ফলাফল আমাদের জন্য কষ্টদায়ক, কিন্তু স্পষ্ট।’ তাঁর সমর্থকদের কেউ কেউ টিভির পর্দায় তার ভাষণ দেখে কেঁদে ফেলেন।

অরবানের ১৬ বছরের শাসনের অবসান শুধু হাঙ্গেরি নয়, বরং ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেনসহ আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। অনেক ইউরোপীয় নেতা আশা করছেন, ইউরোপীয় ইউনিয়নের ভেতরে হাঙ্গেরির বিরোধিতামূলক ভূমিকার অবসান ঘটবে। এতে করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরো (১০৫ বিলিয়ন ডলার) ঋণ অনুমোদনের পথ খুলতে পারে, যা এত দিন অরবান আটকে রেখেছিলেন।

ইউরেশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজতবা রহমান বলেন, ম্যাগিয়ার দুর্নীতি দূর করা এবং গুরুত্বপূর্ণ পদ থেকে ফিদেজ-ঘনিষ্ঠদের সরানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন। তিনি বলেন, ‘ইউক্রেন প্রসঙ্গে ম্যাগিয়ার ৯০ বিলিয়ন ইউরো সহায়তা প্রবাহের পথ খুলে দিতে সম্মত হবেন। নির্বাচনের আগে তিনি খুব সতর্ক ছিলেন। কিন্তু এখন ফিদেজ ভোটারদের সন্তুষ্ট করার প্রয়োজন নেই। তাই আমরা মনে করি, হাঙ্গেরি ধীরে ধীরে ইউরোপীয় মূলধারায় ফিরে আসবে।’

তবে ব্রাসেলসের কিছু কূটনীতিক সতর্ক করে বলেছেন, অভিবাসনসহ কিছু বিষয় জটিলই থেকে যেতে পারে। একজন কূটনীতিক বলেন, ‘হাঙ্গেরি চ্যালেঞ্জিং অংশীদার হিসেবেই থাকবে, তবে এমন এক অংশীদার যার সঙ্গে অন্য সদস্য রাষ্ট্রগুলো কাজ করতে পারবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ম্যাগিয়ারকে অভিনন্দন জানান এবং ইউরোপের শক্তি বৃদ্ধি ও শান্তি-নিরাপত্তা বজায় রাখতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি টেলিগ্রামে লেখেন, ‘গঠনমূলক দৃষ্টিভঙ্গির বিজয় গুরুত্বপূর্ণ।’ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন বলেন, ‘হাঙ্গেরি ইউরোপকে বেছে নিয়েছে। ইউরোপ সব সময়ই হাঙ্গেরিকে বেছে নিয়েছে।’

অরবানের বিদায় ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান মিত্রকে হারানোর সমান। একই সঙ্গে পশ্চিমা ডানপন্থী রাজনীতিতেও এর প্রভাব পড়বে, যার মধ্যে হোয়াইট হাউসও রয়েছে। অরবান যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সমর্থন পেয়েছিলেন। এর অংশ হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুদাপেস্ট সফর করেন। এ ছাড়া ক্রেমলিন এবং ইউরোপের ডানপন্থী নেতারাও তাকে সমর্থন দিয়েছিলেন।

তবে নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ ওঠে, তার সরকার কূটনৈতিক ও রাজনৈতিক বিষয়ে মস্কোর সঙ্গে সমন্বয় করেছে—যা তার প্রচারণাকে ধাক্কা দেয়। অরবান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর লক্ষ্য ছিল ইউরোপীয় ইউনিয়নের ভেতরে হাঙ্গেরির জাতীয় পরিচয় ও ঐতিহ্যবাহী খ্রিষ্টীয় মূল্যবোধ রক্ষা করা এবং বিপজ্জনক বিশ্বে দেশের নিরাপত্তা নিশ্চিত করা।

কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:০৫ পিএম
কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লাবণ্য, জিহাদ, মুগ্ধ ও মাহি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী রাকা, উন্মেষ, জান্নাত ও জিনিয়া। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহীঃ

অপহরণকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহীঃ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:২৮ পিএম
অপহরণকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশের ধারাবাহিক ও কঠোর পরিশ্রমে অবশেষে অপহরণকারীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানায় দায়েরকৃত মামলা নম্বর-০৫, তারিখ: ০৬ এপ্রিল ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (ধারা-৭) এবং দণ্ডবিধির ৪২০/৪৬৮ ধারায় এজাহারভুক্ত আসামি মোঃ শাফায়েত হোসেন (২৩), চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, অপহৃত ভিকটিম রোশনি নামের এক তরুণীকে কৌশলে অপহরণ করা হয়। ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান ট্র্যাক করে দ্রুত অভিযান শুরু করে।

বোয়ালিয়া থানার পুলিশের তথ্য-প্রযুক্তি নির্ভর তৎপরতায় প্রথমে আসামির অবস্থান ঢাকায় শনাক্ত হয়।

ওসি রবিউল ইসলামের নির্দেশনায় এসআই মাসুদ কবিরের নেতৃত্বে একটি টিম ঢাকায় অভিযান চালায়। সেখানে আসামিকে না পেয়ে তার এক সহযোগীকে শনাক্ত করা হয় এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।
সহযোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালানো হয় চট্টগ্রামে।
পরবর্তীতে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় বোয়ালিয়া থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্রেফতারকৃত শাফায়েত ও তার পরিবার দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, তারা প্রভাবশালী ও স্বচ্ছল পরিবারকে টার্গেট করে বিভিন্ন কৌশলে অপহরণ করে অর্থ আদায় করত।

এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, আসামির পিতা কালোজাদু বা তন্ত্র-মন্ত্রের সঙ্গে জড়িত এবং সেটিকে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করত—তবে এসব বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম
দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিঘলিয়ার সরকারি বিভিন্ন প্রাইমারি স্কুলের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ই এপ্রিল) ২০২৬, সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিযোগিতা আয়োজনে উপস্থিত ছিলেন তথ্যসবা কর্মকর্তা সাঈদা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, সাংবাদিক জাহিদ হোসেন, অন্যান্য কর্মচারী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী পৃথক তিনটি গ্রুপে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

বিজয়ীদেরকে পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

error: Content is protected !!