বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন ফারজানা সিঁথি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিঁথি। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ফারজানা সিঁথি বলেন, ‘আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, আমি চূড়ান্তভাবে মনোনীত হব।’
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রসঙ্গত, সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় আলোচনায় আসেন ফারজানা সিঁথি।
জানা যায়, ফারজানা সিঁথির বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।











