মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
কামাল উদ্দিন এর নেতৃত্বে মাদকবিরোধী র্যালি করেছে গাছা থানা বিএনপি
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষার লক্ষ্যে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে—কামাল উদ্দিনের নেতৃত্বে” এই শ্লোগানকে সামনে রেখে গাছা থানা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
শনিবার সকাল ১০টার দিকে বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। এতে বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, “মাদক একটি দেশ ও জাতির মেরুদণ্ড ধ্বংস করে দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি মাদকমুক্ত ও সুস্থ প্রজন্মের স্বপ্ন দেখেন। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
তিনি আরও বলেন, “সমাজ থেকে মাদকের মতো মরণব্যাধি নির্মূল করতে হলে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষায় রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। মাদকাসক্তি অনেক অপরাধের মূল কারণ, তাই অপরাধ কমাতে মাদক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।”
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “নিজ নিজ সন্তানের প্রতি সচেতন দৃষ্টি রাখতে হবে। কেউ যদি নিজে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, তাহলে আমাদের অবহিত করুন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ করবো।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হাশেম, শফিউল্লাহ শফি, কালাম ব্যাপারীসহ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয় সাধারণ মানুষ বিএনপির এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন।








