বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম | 7 বার পড়া হয়েছে
সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এ ছাড়া প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।

আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

নির্বাচনী ইশতেহারে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি সবার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের আধুনিকায়নের পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে আধুনিক স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য কমাতে দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়) ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন ইউজিং ফ্লাটার, পাইথন প্রোগ্রামিং এবং এআই-ভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে। সে আলোকে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। সে লক্ষ্যে চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। সব উপজেলায় পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সব উপজেলায় স্কুল ফিডিং অথবা মিড ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।

বিএনপির সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এ লক্ষ্যে দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারীকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

পারিবারিক আয় বৃদ্ধিতে নগদ অর্থ সহায়তা প্রদান

মোজাম্মেল হক :বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:০৬ এএম
পারিবারিক আয় বৃদ্ধিতে নগদ অর্থ সহায়তা প্রদান

:দিনাজপুরের বীরগঞ্জ উপ

পারিবারিক আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা এবং লাইভলি হুড টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান।

প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং নিজপাড়া পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এবং বলরামপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মিলন হোসেন।

কর্মসূচির আওতায় চলতি বছরে নিজপাড়া ইউনিয়ন পরিষদের ৭০ টি নিবন্ধিত হতদরিদ্র পরিবারকে পরিবার প্রতি ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে মোট ৭ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোর স্বনির্ভরতা বৃদ্ধি পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী ক্রীড়া প্রতিভা সাকিবকে গণ সংবর্ধনা প্রদান

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:০৪ এএম
ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী ক্রীড়া প্রতিভা সাকিবকে গণ সংবর্ধনা প্রদান

 

“মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জিরো পয়েন্ট থেকে যমুনা নদী সাঁতরে পাড়ি দিয়ে দিনাজপুর জিরো পয়েন্টে ম্যারাথন দৌড়ে পৌঁছানো মোঃ সাখাওয়াত হোসেন সাকিব ও তার সঙ্গে থাকা সহযাত্রী সাইকেলিস্ট মোঃ রাব্বিকে গণ সংবর্ধনা দিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ‌।

৮ এপ্রিল-২০২৬ বুধবার বিকেলে দিনাজপুর ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) পাটোয়ারী বিজনেস হাউজ (প্রাঃ) লিমিটেড এর সার্বিক সহযোগিতায় ঢাকা জিরো পয়েন্ট থেকে(যমুনা নদী সাঁতরে) দিনাজপুর জিরো পয়েন্ট পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী তরুণ এই ক্রীড়া প্রতিভা সাকিবের গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ফুল দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

এছাড়াও ২ এপ্রিল ঢাকা জিরো পয়েন্ট থেকে ৮ এপ্রিল বুধবার দিনাজপুর জিরো পয়েন্ট পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দেওয়া মোঃ সাখাওয়াত হোসেন সাকিবের গণ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান করেন এবং বক্তব্য রাখেন পাটোয়ারী বিজনেস হাউজ (প্রাঃ) লিমিটেড এর
ব্যবস্থাপনা পরিচালক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক মোঃ রেহাতুল ইসলাম খোকাসহ খেলোয়াড়-সংগঠক-শাকিবের পরিবারবর্গ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দিনাজপুর জেলা শহরের রামনগর মহল্লার বাসিন্দা ক্রিয়া প্রতিভা সাকিবের সাহসী উদ্যোগের নেপথ্যে পূর্ণ সমর্থন ও স্পনসরশিপ প্রদান করেছেন দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান পাটোয়ারী বিজনেজ হাউস। সাকিবের এই অদম্য স্পৃহা এবং ক্রীড়া নৈপুণ্যকে দেশবাসীর সামনে তুলে ধরতেই এই পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র শহিদুর রহমান পাটোয়ারী মোহন।

এদিকে ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে বুধবার বিকেল আনুমানিক চারটায় জিরো পয়েন্ট স্পর্শকারী ক্রীড়া প্রতিভা সাকিবকে সহিদুর রহমান পাটোয়ারী মোহন , স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে এই তরুণ অ্যাথলেটকে ফুল দিয়ে বরণ করে নেন।

সাকিবের এই সাফল্য সম্পর্কে পাটোয়ারী বিজনেস হাউসের পক্ষ থেকে মুখপাত্র শহিদুর রহমান পাটোয়ারী মোহন জানান , তারা সব সময় তরুণদের প্রতিভা বিকাশে কাজ করতে আগ্রহী এবং সাকিবের এই অর্জন দেশের যুবসমাজের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার মোহাম্মদ রফিক।

পাহাড় কেটে লেক তৈরির চেষ্টা, এক্সক্যাভেটর জব্দ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:০২ এএম
পাহাড় কেটে লেক তৈরির চেষ্টা, এক্সক্যাভেটর জব্দ

 

প্রায় ১৫ একর জায়গাজুড়ে প্রকৃতির রূপ পাহাড়। উচ্চতায় প্রায় দুই শ ফুট। এ পাহাড় কেটে তৈরি করা হচ্ছিল লেক। পাহাড়ের মাটিও বিক্রি করা হচ্ছিল বিভিন্ন জায়গায়। খবর পেয়েই অভিযানে নামে প্রশাসন। এরপর ওই এলাকায় গিয়ে দুটি এক্সক্যাভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়।

গত ৫ এপ্রিল রোববার দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। মানিকছড়ি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা এ অভিযানের নেতৃত্ব দেন।

স্থানীয় সূত্র জানায়, চলতি বছরেই এলাকায় অন্তত আটটি বড় পাহাড় পুরো কেটে ফেলা হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকায় রাতের অন্ধকারে এমন তৎপরতা বেশি চলে। তবে স্থানীয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
খাড়িছড়া এলাকায় যে পাহাড় কাটা হচ্ছিল, এটি ওই এলাকার মো. মনির হোসেন নামের এক ব্যক্তির দখলে ছিল। তিনি সেখানে মাছ চাষের জন্য একটি লেক তৈরি করছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা ভূঁইয়া বলেন, পাহাড়টি খাসজমি। তবে খাস বা ব্যক্তিমালিকানাধীন—যা–ই হোক, পাহাড় কাটা যাবে না। সেখানে মাছের প্রকল্প হচ্ছিল বলে তিনি শুনেছেন। এ বিষয়ে মনির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, এলাকায় বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় দুটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান, মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) তারেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!