পয়লা বৈশাখ ঘিরে কোনো হুমকি নেই, শোভাযাত্রা সকাল ৯টায়
রাজধানীতে পয়লা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিশেষ করে রমনা পার্ক ও আশপাশের এলাকায় মুখোশ পরা, ব্যাগ, ধারালো বস্তু এবং দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ফানুস, আতশবাজি ও শব্দদূষণ সৃষ্টি করে এমন বাঁশি ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ডিএমপি।
আজ রোববার বিকেলে রমনা পার্কের বটমূলে নববর্ষ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ার এসব তথ্য জানান। তিনি বলেন, ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল মানুষের সমাগম হবে। তাই সবার নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো ঢাকাকে ৯টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিটি এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম দিয়ে আগাম তল্লাশি চালানো হবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪টি প্রবেশপথে ব্যারিকেড বসানো হবে এবং আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের তল্লাশি করা হবে।
নিরাপত্তা জোরদারে সিসিটিভি, ভিডিও ও স্টিল ক্যামেরা, ড্রোন নজরদারি চালু থাকবে। এছাড়া পর্যবেক্ষণ টাওয়ার ও আশপাশের ভবনের ছাদে বিশেষ বাহিনী মোতায়েন থাকবে।
ইভটিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে বিশেষ টিম কাজ করবে। অনিয়ন্ত্রিত হকার প্রবেশ ঠেকাতেও থাকবে নজরদারি। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।











