শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৪২ পিএম | 28 বার পড়া হয়েছে
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন

ভারতের মধ্যপ্রদেশের ধার এলাকার এক মসলা ব্যবসায়ীকে খুনের ঘটনায় বেরিয়ে এসেছে এক সুপরিকল্পিত হত্যাকাণ্ডের রোমহর্ষক কাহিনি। শুরুতে ডাকাতির ঘটনা বলে মনে করা হলেও পুলিশের তদন্তে উন্মোচিত হয়েছে—নিহত ব্যক্তির স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে এই হত্যাকাণ্ডের ছক কষেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ৭ এপ্রিল রাতে ২৮ বছর বয়সী পুরোহিত দেবকৃষ্ণকে তাঁর নিজ বাড়িতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। দেবকৃষ্ণের স্ত্রী প্রিয়াঙ্কা (২৫) শুরুতে পুলিশকে জানিয়েছিলেন, অজ্ঞাতনামা ডাকাত দল বাড়িতে ঢুকে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করেছে এবং বাধা দেওয়ায় তাঁর স্বামীকে খুন করা হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি দাবি করেন, ডাকাতেরা তাঁকে বেঁধে জিম্মি করে রেখেছিল।

ঘটনার তদন্ত শুরু হলে প্রিয়াঙ্কার সাজানো গল্প দ্রুত ভেঙে পড়তে শুরু করে। পরিবারের সদস্যরা পুলিশকে জানান, এই দম্পতির দাম্পত্যজীবন দীর্ঘ সময় ধরে অশান্ত ছিল। দেবকৃষ্ণের বোন জ্যোতি অভিযোগ করেন, প্রিয়াঙ্কা প্রায়ই তাঁর ভাইকে গায়ের রং নিয়ে অপমান করতেন। তিনি বলতেন, ‘তুমি কালো… তুমি আমার যোগ্য নও… আমি আরও ভালো কাউকে পেতাম।’

পুলিশি তদন্তে বেরিয়ে আসে, রাজগড়ের বাসিন্দা কমলেশ পুরোহিত (৩২) নামের এক ব্যক্তির সঙ্গে প্রিয়াঙ্কার পরকীয়া সম্পর্ক ছিল। তাঁরা দুজনে মিলে দেবকৃষ্ণকে পথ থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

পুলিশ জানায়, প্রেমিক কমলেশ তাঁর সহযোগী সুরেন্দ্র ভাটির সঙ্গে দেবকৃষ্ণকে হত্যার জন্য এক লাখ টাকার চুক্তি করেন এবং অগ্রিম ৫০ হাজার টাকা পরিশোধ করেন। হত্যার রাতে পরিকল্পিতভাবে ঘরের দরজা খোলা রাখা হয়েছিল। সুরেন্দ্র ঘরে ঢুকে ঘুমন্ত দেবকৃষ্ণকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। ঘটনাটিকে ডাকাতি হিসেবে সাজাতে রুমের ভেতর তছনছ করা হয় এবং অলংকার চুরির নাটক সাজানো হয়।

তদন্তে প্রিয়াঙ্কার বক্তব্যে বারবার অসংগতি পাওয়ায় পুলিশের সন্দেহ গভীর হয়। তল্লাশি চালিয়ে ঘরের ভেতর থেকেই সেই অলংকারগুলো উদ্ধার করা হয়, যা প্রিয়াঙ্কা চুরি হয়েছে বলে দাবি করেছিলেন। এ ছাড়া মোবাইল ফোনের কল রেকর্ডের সূত্র ধরে হত্যাকাণ্ডের সময় প্রিয়াঙ্কা ও কমলেশের মধ্যে যোগাযোগের অকাট্য প্রমাণ পায় পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করেন।

এ ঘটনায় প্রিয়াঙ্কা ও কমলেশকে গ্রেপ্তার করা হলেও ভাড়াটে খুনি সুরেন্দ্র ভাটি এখনো পলাতক রয়েছেন। দেবকৃষ্ণের মা খেঞ্চি বাই এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দাবি করেছেন। দেবকৃষ্ণের বোন জ্যোতি বলেন, ‘২০২০ সাল থেকেই প্রিয়াঙ্কার ওপর আমার সন্দেহ ছিল। সে সব সময় ফোনে ব্যস্ত থাকত, কাজ এড়িয়ে চলত এবং ভাইকে গায়ের রং নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করত। আমার ভাই পরিবারের শান্তির জন্য সব মুখ বুজে সহ্য করেছে।’

আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ ) প্রতিনিধিঃ

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সামিনা পারভিন পলি

আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ ) প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:০০ পিএম
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সামিনা পারভিন পলি

সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম উত্তলন করেছেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

পত্নীতলা উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) বিকালে নয়া পল্টন বিএনপি কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দুঃসময়ে দলের নিবেদিত প্রাণ, ফ্যাসিস্ট সরকারের সময়ে নেতাকর্মীদের জেল জুলুম নির্যাতনে সব সময় পাশে থেকে তাদের পরিবারের খোঁজ খবর নিয়োছেন, তাদের মামলার খরচ জামিনের খরচ এবং অস্বচ্ছল নেতাকর্মীদের বাড়িতে বাজার খরচ পর্যন্ত দিয়েছেন। দুঃসময়ে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। নওগাঁ জেলা মহিলা দলকে সুসংগঠিত রেখে সকল কর্মসূচী মাঠে থেকে সফল করেছেন। যেহেতু নওগাঁর ৫ টি আসনেই বিএনপি মনোনীত এমপিপাশ করেছেন নওগাঁ ২ আসনে আমাদের সরকারে ইশতেহার বাস্তবায়ন লক্ষ্য ওনাকে মহিলা সংরক্ষিত আসনটি দিলে এই এলাকার উন্নয়নের ধারা গতিশীল হবে। আমরা শতভাগ আশাবাদী দল তাকে আসনটি দিবেন।

বিশ্বকাপের অমোঘ টান বনাম উদ্বেগ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ পিএম
বিশ্বকাপের অমোঘ টান বনাম উদ্বেগ

অমোঘ টান আর উপভোগের নির্মল আনন্দ আছে বলেই ফুটবল বিশ্বকাপ উপেক্ষা করা যায় না। আর যায় না বলেই বরাবরের মতো এবারও বিশ্বকাপের টিকিটের গগনচুম্বী চাহিদা। কিন্তু শুরুর আগেই বিশ্বকাপের অমলিন আনন্দে উদ্বেগ ভর করার আশঙ্কা দেখা দিয়েছে। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের এক জরিপে দেখা গেছে, আগ্রহ থাকলে আসন্ন বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাবেন কি না, তা নিয়ে দোটানায় আছেন আন্তর্জাতিক ফুটবলভক্তরা। ভ্রমণকালীন ব্যক্তিগত নিরাপত্তা, ভিসা সমসা, টিকিটের চড়া দাম এবং মার্কিন সরকারের নীতি নিয়ে উদ্বিগ্ন তাঁরা।

বিশ্বকাপ শুরুর ঠিক দুই মাস আগে প্রকাশিত এই জরিপে ১০টি দেশের ৯ হাজার ৫০০ জনের বেশি অংশগ্রহণকারী মত দিয়েছেন। এর ভিত্তিতে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন বলছে, ‘নিরাপত্তা নিয়ে শঙ্কা, ভিসা প্রসেসিংয়ে বিলম্ব এবং মার্কিন নীতির পরিবর্তন আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা কমিয়ে দিতে পারে, যা এই আয়োজনের মূল সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।’

যদিও ফিফার দাবি, বিভিন্ন অঞ্চলের ২০০টির বেশি দেশের মানুষের টিকিট কেনার হার দেখে তারা আশাবাদী। কিন্তু এই দাবির সপক্ষে বিমান কিংবা হোটেল বুকিংয়ের তেমন কোনো জোরালো তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি। উল্টো সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হাজারো হোটেল বুকিং বাতিল করা হয়েছে এবং প্রত্যাশিত চাহিদাও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।

জরিপ অনুযায়ী, প্রায় প্রতি চারজনের একজন ভিসা ও সীমান্তপ্রক্রিয়াকে ভ্রমণ সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে যাঁরা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা তুলনামূলক বেশি সময় অবস্থান করবেন এবং অন্যান্য পর্যটকের তুলনায় গড়ে ৬৭ শতাংশ বেশি ব্যয় করবেন; যা জনপ্রতি প্রায় ৫ হাজার ৪৮ ডলার।

টিকিটের ক্ষেত্রে ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ (চাহিদার ওপর ভিত্তি করে দাম পরিবর্তন) পদ্ধতির কারণে ভক্তরা ক্ষুব্ধ। এর পাশাপাশি যাতায়াত খরচও দুশ্চিন্তা বাড়াচ্ছে। ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি বোস্টন স্টেডিয়ামে যাতায়াতের জন্য ৮০ ডলারের সীমিত রাউন্ড-ট্রিপ টিকিট ঘোষণা করেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সমর্থক গোষ্ঠীগুলো এই উচ্চমূল্য নিয়ে এরই মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সব মিলিয়ে বাড়তি খরচ, ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে উঠতে না পারলে বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্য অর্থনৈতিক সুফল পুরোপুরি অর্জন কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

লেবাননে যুদ্ধবিরতি ছাড়া আলোচনা সম্ভব নয়

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ পিএম
লেবাননে যুদ্ধবিরতি ছাড়া আলোচনা সম্ভব নয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করার ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং বিদেশের ব্যাংকে জব্দ করা ইরানের অর্থ অবমুক্ত না করা পর্যন্ত কোনো আলোচনা শুরু হতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, ‘উভয় পক্ষের মধ্যে পারস্পরিকভাবে সম্মত হওয়া দুটি বিষয় এখনো বাস্তবায়িত হয়নি—লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরুর আগেই ইরানের অবরুদ্ধ অর্থ ফেরত দেওয়া।’

গালিবাফ বলেন, ‘আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি বিষয় অবশ্যই পূরণ করতে হবে।’

আগামীকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার ঠিক আগমুহূর্তে গালিবাফের এই ঘোষণা পুরো প্রক্রিয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এর আগে ইরান জানিয়েছিল, তাদের মিত্রদেশ লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হলে তেহরান কোনো সমঝোতায় পৌঁছাবে না। গালিবাফের এই মন্তব্য সেই অবস্থানকেই আরও শক্তিশালী করল।

উল্লেখ্য, গতকাল লেবাননের সঙ্গে শান্তি আলোচনার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার জন্য লেবাননের পক্ষ থেকে বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি গতকালই মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন।’ তবে আজ তিনি বলেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না।

গত ২ মার্চ ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করার পর ইসরায়েল লেবাননে নতুন করে অভিযান শুরু করে। লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ জন নিহত হয়েছে এবং ১২ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

 

error: Content is protected !!