শপথ নিলেন কোয়েল মল্লিক
টালিউড থেকে এবার দিল্লির সংসদ ভবনে। নতুন অধ্যায় শুরু করলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। পা রাখলেন রাজনীতির অঙ্গনে। জল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল।
শপথ উপলক্ষে কোয়েলের সঙ্গে সংসদে হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁর এই নতুন যাত্রায় শুভেচ্ছা জানাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
নিজের আসল নাম রুক্মিণী মল্লিক হিসেবে শপথ নিয়েছেন তিনি। বাংলা ভাষায় কোয়েলের শপথ গ্রহণের মুহূর্ত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসতে দেখা যাচ্ছে। কেউ কেউ তাঁর রাজনীতিতে আসার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, কেউ আবার সমালোচনাও করছেন।
পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, ওডিশা, মহারাষ্ট্রের মোট ১৯ জন সদস্য শপথ গ্রহণ করেন আজ। পশ্চিমবঙ্গ থেকে ৫ জন, তামিলনাড়ু থেকে ৬ জন, ওডিশা থেকে ৩ জন ও মহারাষ্ট্র থেকে ৫ জন সদস্য শপথ নিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে কোয়েলসহ নির্বাচিত ৫ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাঁদের শপথবাক্য পাঠ করান দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন।

















