বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৪২ পিএম | 95 বার পড়া হয়েছে
বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষ

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের জিপিও লিঙ্ক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের স্বর্ণ গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ৯ এপ্রিল বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ গেটের জিপিও লিঙ্ক রোডের দুই পাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে সেখানকার দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। অভিযানের পরদিনই শুক্রবার হকাররা আবার সেখানে দোকান বসানোর চেষ্টা করলে সোনা ব্যবসায়ীরা বাধা দিলে উত্তেজনা তৈরি হয়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আজ শনিবার সকাল ১০টার দিকে আবার বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ফুটপাতে থাকা অস্থায়ী দোকানের কাঠের টেবিলসহ সরঞ্জাম উচ্ছেদ শুরু করলে হকাররা তাতে বাধা দেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দোকানপাট উচ্ছেদ নিয়ে হকার ও ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। বড় সংঘর্ষ হয়নি। কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে পিতাকে হত্যা: ঘাতক ছেলে গ্রেফতার

অন্তর মিয়া ​স্থানীয় প্রতিবেদক, শ্রীমঙ্গল প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৩২ পিএম
শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে পিতাকে হত্যা: ঘাতক ছেলে গ্রেফতার

 

​ শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে গাজীপুর গ্রামে পারিবারিক কলহের জেরে ছোট ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া (৮৮) নামে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন। বাবাকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই শহিদুর মিয়া (৪৫) গুরুতর আহত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
​ঘটনার মাত্র ৩ ঘণ্টার মাথায় ঘাতক ছেলে মো. মুশফিকুর রহমান মশিককে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।
​আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১:১০ মিনিটের দিকে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা আকল মিয়ার সাথে ছোট ছেলে মশিক মিয়ার কথা কাটাকাটি শুরু হয়। তর্কের একপর্যায়ে মশিক উত্তেজিত হয়ে ধারালো ডেগার দিয়ে তার বাবার পাঁজরের নিচে সজোরে আঘাত করেন।
​এ সময় বড় ভাই শহিদুর মিয়া তার বাবাকে বাঁচাতে এগিয়ে এলে পাষণ্ড মশিক তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।​উদ্ধার ও বর্তমান অবস্থা
​চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবা আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বড় ভাই শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।​দ্রুত অভিযানে ঘাতক গ্রেফতার
​ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানা পুলিশ ও র‍্যাব-৯ এর একটি চৌকস দল ঘাতককে ধরতে অভিযানে নামে। প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় তথ্যের ভিত্তিতে ঘটনার মাত্র ৩ ঘণ্টার মধ্যে কালাপুরের পাহাড়ি এলাকা থেকে ঘাতক মো. মুশফিকুর রহমান মশিককে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাভ ৯ শ্রীমঙ্গল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
​পুলিশের বক্তব্য, “তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত মশিককে আমরা গ্রেফতার করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রানাকে কোন কৌশলে সামলাবে নিউজিল্যান্ড?

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:২৮ পিএম
রানাকে কোন কৌশলে সামলাবে নিউজিল্যান্ড?

পোলা তো নয় যেন আগুনের গোলা—নাহিদ রানার বোলিং দেখে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজের এই গান অনেকের মনে পড়তেই পারে। উচ্চগতির পাশাপাশি লেংথের পরিবর্তন ও নিচের উচ্চতা কাজে লাগিয়ে বাউন্সারে ব্যাটারদের ঘায়েল করতে ওস্তাদ রানা। বাংলাদেশের এই গতিতারকাকে ট্রাম্পকার্ড মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স।

সবশেষ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে নাহিদ রানা অসামান্য অবদান রেখেছেন। তাঁর আগুনে বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। যার মধ্যে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন। ক্যারিয়ারসেরা ওয়ানডে বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

সিমন্সের মতে রানার মতো পেসার বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘নাহিদ রানার ক্ষেত্রে আমাদের অবশ্যই তার ওয়ার্কলোড এবং অন্যান্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সে আমাদের অন্যতম ট্রাম্প কার্ড এবং তাকে আগলে রাখা আমাদের দায়িত্ব। আমাদের নিশ্চিত করতে হবে যখনই সে মাঠে নামবে, যেন বাংলাদেশের জন্য নিজের সেরাটা দিতে পারে।’

পাকিস্তান সিরিজের পর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) কাঁপিয়ে এসেছেন রানা। পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচে ৫.৪২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে এক ম্যাচে ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। আজ সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টারের কাছে এসেছে নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন। উত্তরে কিউই কোচ বলেন, ‘শুরুতেই বলতে হয় সে একজন চমৎকার ফাস্ট বোলার। আমার মতে কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশে একজন পেসারকে খেলতে দেখাটা দারুণ ব্যাপার। তার সামর্থ্যকে ছোট করে দেখছি না। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলারকে মোকাবিলা করার মতো দক্ষতা অর্জন করা এবং বিভিন্ন কন্ডিশনে খেলতে নিজেদের প্রস্তুত রাখাই আসল কথা।’

পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদরা। বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসিয়ে নিউজিল্যান্ড কোচ ওয়াল্টার বলেন, ‘আমি আগেও বলেছি, তার (রানা) পাশাপাশি আরও কয়েকজন ভালো পেসার আছে। কিন্তু আমাদের জন্য পেসারদের মোকাবিলা করা নতুন কিছু নয়। আমাদেরও পেসার আছে। কিন্তু আবারও বলছি, সবকিছু নির্ভর করে একটা নির্দিষ্ট দিনের ওপর।’

পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ বাংলাদেশ খেলেছে ফ্লাডলাইটের আলোয়। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজও দিবারাত্রির হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যুৎ বাঁচাতে সময় পরিবর্তন করা হয়েছে। সকাল ১১টায় শুরু হবে তিনটি ওয়ানডে। ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনও দিনের আলোয় করছে বাংলাদেশ। সিমন্স বলেন, ‘কিছুটা পার্থক্য তো তৈরি করেই (উইকেটের আচরণ)। দিনের বেলা উইকেটে গ্রিপ ভালো পাওয়া যায়। হয়তো কিছুটা ধীরগতির হতে পারে। তবে আমাদের অনুশীলন সেশনগুলো সকালেই হচ্ছে। আমরা সেভাবেই নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

মার্চে পাকিস্তান সিরিজে ১৭৫ রান করে সিরিজসেরা খেলোয়াড় হয়েছিলেন তানজিদ হাসান তামিমও। যার মধ্যে ১৫ মার্চ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও। তবে উদ্বোধনী জুটিতে তাঁর আরেক সঙ্গী সাইফ হাসান রীতিমতো ব্যর্থ। উদ্বোধনী জুটি বারবার বদলানোর পরও বেশির ভাগ সময়ই দ্রুত জুটি ভেঙে যাচ্ছে। তবে সিমন্স এটা নিয়ে চিন্তিত নন। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘আমার মনে হয় আমরা এখন অনেকটাই থিতু। কারণ, গত কয়েকটা ম্যাচে আমাদের জুটি ভালো ছিল এবং সাইফ প্রস্তুতি ম্যাচেও দেখিয়েছে যে সে ছন্দে ফিরছে। আপাতত তাই উদ্বোধনী জুটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।’

সাইফ ব্যর্থ হলেও পাকিস্তান সিরিজের দলে থাকা আরেক ওপেনার সৌম্য সরকার তিনটা ম্যাচ কাটিয়েছেন বেঞ্চে বসে। অথচ ঠিক তার আগের সিরিজে (অক্টোবরে ওয়ানডে সিরিজ) সৌম্য দুর্দান্ত খেলেছেন। আর পাকিস্তানের বিপক্ষে তিনটা ওয়ানডে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কটিয়াদীতে সুষ্ঠু পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; কেন্দ্রে লোডশেডিংয়ের ভোগান্তির শিকার পরীক্ষার্থীরা

.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম
কটিয়াদীতে সুষ্ঠু পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; কেন্দ্রে লোডশেডিংয়ের ভোগান্তির শিকার পরীক্ষার্থীরা

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেলেও দীর্ঘসময় লোডশেডিংয়ের কারণে দুর্ভোগের শিকার হতে হয় শিক্ষার্থীদের।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় পৃথক দুটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বেলা ১২:৩০ মিনিটে শেষ হয়। পরীক্ষা শুরু হ‌ওয়ার কিছুক্ষণ পরেই লোডশেডিংয়ের কবলে পড়ে পরীক্ষার্থীরা। টানা ১ঘন্টা ২০ মিনিট বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে ওঠে পরীক্ষার্থীরা। পাশাপাশি কেন্দ্রের বাইরে থাকা অভিভাবকদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

এবিষয়ে কটিয়াদী জোনাল অফিসের উপমহাপরিদর্শক মোহাম্মদ আবু সাঈদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কিছু যান্ত্রিক ত্রুটির কারণেই এই লোডশেডিংয়ের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার্থীদের দিক বিবেচনা করে আমরা অতিদ্রুত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছি।

এবার উপজেলার দুইটি কেন্দ্রে মোট ১৩৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে কটিয়াদী সরকারি কলেজ কেন্দ্রে ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৩ জন অনুপস্থিত রয়েছে।অন্যদিকে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৯ জন অনুপস্থিত রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
মো.রফিকুল ইসলাম তালুকদার বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত কক্ষ, দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত তদারকি করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিকভাবে উপজেলার উভয় কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

error: Content is protected !!