বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশব্যাপী চলছে নানা আয়োজন। দেশের ওটিটি প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলগুলোতেও প্রচারিত হবে নানা অনুষ্ঠান।
টিভি আয়োজন
বিটিভি : রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’ প্রচারিত হবে সকাল সাড়ে ১০টায়। বিকেল ৫টা ৪০ মিনিটে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বৈশাখ দেয় ডাক’। সন্ধ্যা ৭টায় রয়েছে সংগীতানুষ্ঠান। রাত ৯টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘মন আঁকে বৈশাখে’। রাত সাড়ে ৯টায় বিশেষ টেলিফিল্ম ‘মনের মানুষ’। রাত ১১টা ১৫ মিনিটে থাকছে বৈশাখী নৃত্যানুষ্ঠান। এ ছাড়া রাজধানীর রমনা বটমূলে ছায়ানট আয়োজিত বর্ষবরণ উৎসব, জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রা সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
এনটিভি: সকাল ৮টা থেকে শুরু হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘বৈশাখী উৎসব ১৪৩৩’। শুরুতেই থাকছে পঞ্চকবির গান ও আবৃত্তি। শিল্পী আজিজুর রহমান তুহিন, শিমু দে, বিজন মিস্ত্রি ও ফারহানা তৃণা। উপস্থাপনায় নাহিদা আফরোজ সুমি। সকাল ১০টা ১৫ মিনিটে লোকগান ও ব্যান্ড সংগীত নিয়ে থাকবেন আকাশ মাহমুদ ও মহুয়া মুনা। উপস্থাপনায় নাহিদা আফরোজ সুমি। দুপুর ১২টা ২০ মিনিটে আধুনিক ও মডার্ন ফোক গান নিয়ে থাকবেন সংগীতশিল্পী কিশোর, প্রিয়াঙ্কা বিশ্বাস, অপু আমান, নোলক বাবু, লায়লা ও সানজিদা রিমি। উপস্থাপনায় আইশা খান। বিকেল ৫টা ৩০ মিনিটে একক পরিবেশনা নিয়ে থাকবেন আনিকা অ্যান্ড রকার্স। উপস্থাপনায় মৌসুমী মৌ।
দুরন্ত: দুপুর ১২টা ও রাত ৮টায় প্রচারিত হবে ‘বৈশাখ এলো রে’। অনুষ্ঠানটিতে নেপথ্য কণ্ঠে নববর্ষের বিভিন্ন গান ও কবিতার সঙ্গে কোরিওগ্রাফি করেছেন শিল্পীরা। সকাল ৯টা ও রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘হৈ হৈ হল্লা: সিজন ৩’। এবারের পর্বে শিশুরা দাদু সফদার চৌধুরীকে গ্রামের বাড়িতে নিয়ে বৈশাখী উৎসব উদ্যাপন করতে চায়। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় অভিনয় করেছেন আবুল হায়াত, শাহনাজ খুশি, শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, ঋ জুনি প্রমুখ। দুপুর সাড়ে ১২টা ও বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে পয়লা বৈশাখের বিশেষ রান্না নিয়ে অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি: সিজন ৩’। পরিচালনায় আমিনা নওশিন রাইসা, সঞ্চালনায় রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’।
ওটিটি
দীপ্ত প্লে: প্রকাশ করা হয়েছে বাংলায় ডাবিং করা মাইক্রো ড্রামা ‘ছদ্মবেশী ভালোবাসা’। প্রতিটি পর্বের দৈর্ঘ্য ১ থেকে ৩ মিনিট। নাটকে দেখা যাবে ডিজাইনার অ্যাভ্রিল ল্যাভিন ও ব্যবসায়ী ফু ইয়ানসি দুজনেই পরিবারের ঠিক করা সম্পর্ক থেকে সরে এসে নিজেদের মতো করে ভালোবাসা খুঁজতে চায়। কিন্তু ভাগ্যের খেলায় ছদ্মবেশেই তাদের দেখা হয়ে যায়, জন্ম নেয় প্রেম, আর শুরু হয় এক অজানা যাত্রা।
দোয়েল ওটিটি: পয়লা বৈশাখ উপলক্ষে দোয়েল ওটিটি প্রকাশ করেছে বৈশাখী গান ‘এসো বৈশাখ’। কণ্ঠ দিয়েছেন শান শায়েক, সাব্বির জামান, শীলা দেবী, তামান্না প্রমি, সুমি শারমীন প্রমুখ।
শেখ সাদী খানের সংগীতায়োজনে ‘শ্রুতি নন্দন’ অনুষ্ঠানে শেখ সাদীর কিছু কালজয়ী গান পরিবেশন করেছেন নির্ঝর চৌধুরী এবং জান্নাতে রোম্মান তিথি। প্রকাশ করা হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক ‘সওদাগরের তিন বলদ’। অভিনয়ে চট্টগ্রামের স্থানীয় শিল্পীরা। ভ্রমণ ও শিক্ষামূলক ‘ট্রিপস অ্যান্ড টুইস্ট’ অনুষ্ঠানে একদল কিশোর-কিশোরী ঢাকার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানে ভ্রমণে যায় এবং স্থানগুলোর ইতিহাস ও গুরুত্ব দর্শকদের সামনে তুলে ধরে।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক