প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

উৎসবে মেতে উঠল বরগুনা

মোঃ সোহরাব হোসেন বরগুনা

নানান বর্ণিল আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবের আমেজে বরগুনায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। “নববর্ষে ঐকতান, গণতন্ত্রের পুনর্গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উৎসবের আবহে মুখর হয়ে ওঠে পুরো বরগুনা শহর। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। রঙিন পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও ব্যানারে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এই আনন্দযাত্রায়।
জেলা প্রশাসক জনাব তাছলিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আর. এম. সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহিম এবং এডিএম ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষকে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। তারা নতুন বছরে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
শোভাযাত্রা শেষে দিনব্যাপী আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও গ্রামীণ খেলাধুলা। এসব আয়োজন ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আনন্দ, ঐতিহ্য আর সম্প্রীতির বার্তা নিয়ে বরগুনার এই নববর্ষ উদযাপন যেন নতুন বছরে একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক সূচনা হয়ে থাকল।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন