কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এক উচ্ছেদ অভিযানে মোট ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরও ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযানের মাধ্যমে এসব জমি পুনরুদ্ধার করা হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোঃ হামিদুল ইসলাম