প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ট্রাম্পের ঘোষণায় কমছে তেলের দাম

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তেহরানের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক, আগামী ‘দুই থেকে তিন সপ্তাহের’ মধ্যে যুক্তরাষ্ট্র ইরান ছাড়বে। এই ঘোষণার প্রভাব দেখা গেছে বিশ্ববাজারে। কমেছে তেলের দাম। অন্যদিকে পতনমুখী এশিয়ার শেয়ারবাজারেও দেখা গেছে বড় ধরনের উত্থান।

আজ বুধবার জাপানের প্রধান পুঁজিবাজার সূচক নিক্কেই ২২৫ বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপি (Kospi) সূচক বিকেলের লেনদেনে বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। তবে গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শুরুর আগের তুলনায় এই দুটি সূচক এখনো বেশ নিচের অবস্থানে রয়েছে।

বাজারের ঊর্ধ্বগতির ইতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামেও। জুনে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এদিন ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ১০৩ ডলারে কেনাবেচা হয়েছে। এর আগে মে মাসে সরবরাহের জন্য তেলের দাম গত মার্চে রেকর্ড ৬৪ শতাংশ বেড়েছিল। ওই সময় ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দিলে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

গতকাল মঙ্গলবার ওভাল অফিস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরান এখন ‘চুক্তি করার জন্য ভিক্ষা করছে’। তবে চুক্তি হোক বা না হোক, যুক্তরাষ্ট্রের বিদায়ের সময়সূচির ক্ষেত্রে এটি ‘অপ্রাসঙ্গিক’।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ বন্ধে তাঁর দেশের ‘প্রয়োজনীয় সদিচ্ছা’ রয়েছে। তবে ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসন ঠেকাতে তিনি সুনির্দিষ্ট কিছু নিশ্চয়তা দাবি করেন।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন