প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।

ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া না-পাওয়ার গল্প নিয়ে মিডল ক্লাস ফ্যামিলির কাহিনি। বাড়ির কর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক জমিরউদ্দিন সরকার। স্ত্রী আর দুই ছেলে দুই মেয়ে নিয়ে তার পরিবার। বাড়ির বড় ছেলে মবিন ভাঙতে চায় মধ্যবিত্তের শৃঙ্খল। প্রচুর অর্থবিত্তের মালিক হতে চায় সে। এটাই তার কাছে জীবনের সাফল্য মনে হয়।

জমিরউদ্দিনের ছোট ছেলে ঠিক তার উল্টো। তার কাছে মনে হয় বাবার মতো একজন মানুষ হতে পারাটাই জীবনের আসল সার্থকতা। দুই মেয়ে পড়াশোনা করছে। তারা স্বাধীনচেতা জীবনযাপন করতে পছন্দ করে। জমিরউদ্দিন ভাবে, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হলে সে গ্রামে গিয়ে বাকি জীবনটা কাটাবে। কিন্তু সেটা সহজে হয়ে ওঠে না। নানা রকম সংকট ও প্রতিবন্ধকতা সামনে চলে আসে, বাঙালি মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়ে থাকে।

নির্মাতা জানান, গল্পটা জমিরউদ্দিন সরকারের পরিবারের হলেও এ নাটকের প্রতিটি চরিত্র বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণির প্রতিচ্ছবি। পরিচালক নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি এ নাটকে। এই পরিবারের মধ্য দিয়ে সমাজের চিত্র উঠে এসেছে। চরিত্রগুলোতে দর্শক নিজেদের খুঁজে পাবেন।’

মিডল ক্লাস ফ্যামিলি ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সৈয়দ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, মিলি বাসার, তানজিম হাসান অনিক প্রমুখ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন