প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, বুড়িচংয়ে মামলা দায়ের

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা হাসু বেগম বাদী হয়ে বুড়িচং থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

আহত যুবকের নাম মোঃ সজিব (২৩)। তিনি কোরপাই (মফিজ ডিলারের বাড়ী) এলাকার বাসিন্দা মোঃ ফারুকের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোরপাই পোস্ট অফিস সংলগ্ন আহলে হাদিস জামে মসজিদের উত্তর-পশ্চিম পাশে রুবেলের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, মোঃ সাইদুল (২২), ইউসুফ (২২), মোঃ সাদেক (২৩), মোঃ কামরুল (২৩), মোঃ জাহিদুল (২০) সহ অজ্ঞাতনামা ৭/৮ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে ওঁৎ পেতে ছিল। তারা পথরোধ করে সজিবকে হত্যার উদ্দেশ্যে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।

পরিবারের দাবি, সজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্তদের মাদক সেবন ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালায়।

হামলার একপর্যায়ে সজিব রাস্তায় লুটিয়ে পড়লে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার কাঁধ, পিঠ ও কোমরে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত সজিবকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

বাদী হাসু বেগম বলেন, “আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করায় ওরা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে হামলা করেছে। আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি। তবে থানায় এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এলাকাবাসীর দাবি, এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন